কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা তাঁর সমর্থকদের সংযত থাকার আহ্বান জানিয়েছেন। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) ভোররাতে নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এ আহ্বান জানান।


পোস্টে মুফতি আমির হামজা লেখেন, সমর্থকদের উদ্দেশে তিনি অনুরোধ জানিয়ে বলেন, তাঁকে নিয়ে কোথাও কটু সমালোচনা হলে সেখানে গিয়ে পাল্টা খারাপ মন্তব্য না করতে। বরং সমালোচনার জবাব দিতে হলে সুন্দরভাবে যুক্তি দিয়ে বোঝাতে অথবা নীরব থেকে তা এড়িয়ে যাওয়ার পরামর্শ দেন তিনি।


সমালোচনামূলক সংবাদ বা নেতিবাচক মন্তব্যে তিনি বিচলিত নন বলেও পোস্টে উল্লেখ করেন এ সংসদ সদস্য। তিনি বলেন, মুমিনের জবান থেকে অন্য মুমিন নিরাপদ থাকা উচিত এবং সত্য শেষ পর্যন্ত জয়ী হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। এ ক্ষেত্রে আল্লাহর ওপর আস্থা রাখার কথাও উল্লেখ করেন তিনি।


ভোররাতে দেওয়া এই পোস্টটি প্রকাশের পর দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলে। মাত্র তিন ঘণ্টার মধ্যে পোস্টটিতে ৬২ হাজারের বেশি রিয়েকশন, চার হাজারের বেশি মন্তব্য এবং প্রায় ১ হাজার ২০০ শেয়ার হয়েছে।