কুষ্টিয়া প্রতিনিধি: বাংলাদেশ জামায়াত ইসলামের কেন্দ্রীয় সূরা সদস্য ও কুষ্টিয়া জেলা জামায়াতের আমীর অধ্যাপক আবুল হাশেমের ৩য় জানাযা সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার সকাল ৯টায় শহরের চাঁদাগাড়া ইদগাঁহ মাঠে জানাযায় অংশ নেন প্রায় লাখো নেতাকর্মী। এতে দ্বিতীয় নামাজের জানাযা অনুষ্ঠিত হয়। বেলা ১১টায় জেলার মিরপুর ফুটবল মাঠে তৃতীয় জানাযা অনুষ্ঠিত হওয়ার পর সাড়ে ১২টার দিকে তাকে মিরপুর ওয়াপদা কবরস্থানে দাফন করা হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে ছাড়াও অসংখ্য শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।
এর আগে গত রাতে নিজ গ্রাম ভেড়ামারার গোলাপ নগরে প্রথম জানাযা অনুষ্ঠিত হয়।
কুষ্টিয়া-যশোর অঞ্চলের টিম সদস্য এ. কে. এম. আলী মহসিনের ইমামতিতে জানাযায় অংশ নেন কুষ্টিয়া জেলা জামায়াত, বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও ধর্মপ্রাণ মুসলমানরা।
উল্লেখ্য, কুষ্টিয়ায় ইসলামী বক্তা ও কুষ্টিয়া-৩ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী আমির হামজাকে হত্যার হুমকির প্রতিবাদে এক প্রতিবাদ সভায় বক্তব্য দেওয়ার সময় জেলা জামায়াতের আমীর অধ্যাপক আবুল হাশেম হৃদরোগে আক্রান্ত হয়ে গতকাল বিকাল সাড়ে তিনটায় মৃত্যুবরণ করেন।





