কুষ্টিয়ায় ভেড়ামারা উপজেলার রায়টা পাথরঘাটা এলাকায় দুর্বৃত্তরা এক যুবককে গুলি করে হত্যা করেছে এবং স্থানীয় চা বিক্রেতাকে কুপিয়েছে। শুক্রবার (২১ নভেম্বর) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি রেফাজুল ইসলাম (৪০) একই এলাকার জামাত আলীর ছেলে। স্থানীয়রা জানায়, তিনি ওই সময় দোকানের সামনে দাঁড়িয়ে ছিলেন। দুর্বৃত্তরা তাকে ঘিরে ধরে মুখের ভেতর পিস্তল ঢুকিয়ে গুলি চালায়, ফলে ঘটনাস্থলেই তিনি মারা যান।
ঘটনাস্থলে থাকা চা বিক্রেতা লালন মন্ডল (৫০)কে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করা হয়। তাকে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। লালনের বড় জামাই অনিক বলেন, “আমার শ্বশুর খুব গরিব মানুষ। তিনি রায়টা পাথরঘাটায় চা বিক্রি করেন। ঘটনার সময় তিনি তার ছেলে আনতে যাচ্ছিলেন। দুর্বৃত্তরা তাকে কুপিয়ে জখম করেছে।”
ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার একরামুল হক জানিয়েছেন, “আহত ব্যক্তির মাথাসহ শরীরের বিভিন্ন অংশে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন আছে। তার শরীরে কোনো গুলির চিহ্ন পাওয়া যায়নি এবং বর্তমানে তিনি শঙ্কামুক্ত আছেন।”
কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল) দেলোয়ার হোসেন বলেন, “গুলিবিদ্ধ হয়ে একজন মারা গেছেন। এটি পরিকল্পিত হত্যার ঘটনা বলে ধারণা করা হচ্ছে। তবে হত্যাকারী কে, তা এখনও নিশ্চিত নয়। পুলিশ এ ঘটনায় তদন্ত চালাচ্ছে।”





