কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার কুমারখালীতে ছেলের বউকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে শ্বশুরের বিরুদ্ধে। রোববার দুপুরে উপজেলার শিলাইদহ ইউনিয়নের বড় মাঝগ্রাম খালপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্তের নাম আরিফ মন্ডল। তিনি বড় মাঝগ্রামের খালপাড়ার আজিজুল মন্ডলের ছেলে। 

ভুক্তভোগী নারী জানান, রোববার বেলা ২ টার দিকে তার স্বামী ও শ্বাশুড়ি বাড়িতে না থাকা অবস্থায় তিনি তার ঘরে ঘুমিয়ে ছিলেন। এসময় তার শ্বশুর তাকে ধর্ষণের চেষ্টা করলে তিনি ঘুম থেকে জেগে শ্বশুরের সাথে ধস্তাধস্তির একপর্যায়ে ঘর থেকে বাইরে বেরিয়ে আসেন। পরবর্তীতে বিষয়টি তার স্বামী, শ্বাশুড়ী ও প্রতিবেশীদের জানান। ঘটনার দু'দিন পেরিয়ে গেলেও শ্বশুরকে সমাজিকভাবে কোন বিচারের আওতায় না আনায় তিনি থানায় এজাহার দিয়েছেন বলে জানান। 

ভুক্তভোগীর বাবা জানান, তার মেয়ে ঘরে ঘুমিয়ে থাকা অবস্থায় মেয়ের শ্বশুর গোপনে ঘরে ঢুকে দরজা আটকে দেয় এবং ধর্ষণের চেষ্টা করেন। এসময় তার মেয়ে বাধা দিলে তিনি তাকে মারধর করেন। এক পর্যায়ে তার মেয়ে শ্বশুর আরিফ মন্ডলের হাতে কামড় দিয়ে ঘর থেকে পালিয়ে গিয়ে সতীত্ব রক্ষা করেন। তিনি অভিযুক্তের বিচার দাবি করেন। 

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার জিয়াউর রহমান অভিযোগ প্রাপ্তির কথা স্বীকার করে জানান, বিষয়টি তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।