কুমিল্লা জেলা প্রতিনিধি: উন্নত কুমিল্লা শুধু কথায় নয়, চর্মচোখে দেখাবো-কাজী দ্বীন মোহাম্মদ।

কুমিল্লা নগরীর ৩, ৯ ও ১০ নং ওয়ার্ডের যৌথ নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে নগরীর একটি খোলা মাঠে আয়োজিত এ জনসভায় প্রধান অতিথির বক্তব্যে কাজী দ্বীন মোহাম্মদ বলেন, “উন্নত কুমিল্লা শুধু মুখের কথায় নয়, ইনশাআল্লাহ আমরা তা চর্মচোখে দেখাবো।”

তিনি বলেন, মানুষ সরকারের কাছে অযৌক্তিক কিছু চায় না। জনগণের প্রত্যাশা খুবই সাধারণ—একটি নিরাপদ সমাজ। যেখানে কষ্টের টাকায় ব্যবসা করলে চাঁদা দিতে হবে না, যেখানে একজন মা নিশ্চিন্তে থাকবেন যে তাঁর মেয়ে কোচিং শেষে নিরাপদে ঘরে ফিরবে।

কাজী দ্বীন মোহাম্মদ আরও বলেন, বিগত বছরগুলোতে নাগরিকদের এই ন্যূনতম নিরাপত্তাটুকুও নিশ্চিত করা যায়নি। ফলে সাধারণ মানুষ আজ নিরাপত্তাহীনতায় ভুগছে। “আমরা ইনশাআল্লাহ সেই নিরাপত্তা নিশ্চিত করবো—এটাই আমাদের অঙ্গীকার,” বলেন তিনি।
জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এবি পার্টির কেন্দ্রীয় নেতা মিয়া মোহাম্মদ তৌফিক, জি এম সামদানী এবং এনসিপির ইঞ্জিনিয়ার মো. রাশেদ। এছাড়াও ১০ দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত থেকে নির্বাচনী বক্তব্য প্রদান করেন।

বক্তারা বলেন, ইনসাফভিত্তিক, দুর্নীতিমুক্ত ও নিরাপদ কুমিল্লা গড়তে হলে জনতার ঐক্যবদ্ধ সিদ্ধান্ত প্রয়োজন। তারা আগামী নির্বাচনে জনগণের ভোটের মাধ্যমে একটি ন্যায়ভিত্তিক নগর ব্যবস্থার প্রত্যাশা ব্যক্ত করেন।

জনসভায় বিপুল সংখ্যক সাধারণ জনগণের উপস্থিতিতে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।