কুমিল্লা-২ আসনের সীমানা পরিবর্তন সংক্রান্ত নির্বাচন কমিশনের (ইসি) গেজেট অবৈধ ঘোষণা করে দেওয়া হাইকোর্টের রায় স্থগিত করেছেন সুপ্রিম কোর্টের চেম্বার আদালত।


রোববার (১১ জানুয়ারি) নির্বাচন কমিশনের করা আবেদনের পরিপ্রেক্ষিতে আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হক এ আদেশ দেন।


আদালতে নির্বাচন কমিশনের পক্ষে শুনানি করেন আইনজীবী কামাল হোসেন মিয়াজী। শুনানি শেষে আইনজীবীরা জানান, চেম্বার আদালতের আদেশের ফলে কুমিল্লা-১ আসনে মেঘনা ও দাউদকান্দি উপজেলা এবং কুমিল্লা-২ আসনে হোমনা ও তিতাস উপজেলা বহাল থাকছে।


এর আগে গত ৮ জানুয়ারি বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ কুমিল্লা-2 আসনের সীমানা পরিবর্তন করে জারি করা নির্বাচন কমিশনের গেজেটকে অবৈধ ঘোষণা করেন। একই সঙ্গে আদালত কুমিল্লা-২ আসনের সীমানা আগের অবস্থায়— মেঘনা ও হোমনা উপজেলা অন্তর্ভুক্ত করে—২৪ ঘণ্টার মধ্যে নতুন গেজেট প্রকাশের নির্দেশ দিয়েছিলেন।


চেম্বার আদালতের সর্বশেষ আদেশে হাইকোর্টের ওই রায়ের কার্যকারিতা আপাতত স্থগিত থাকছে।