মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালি নিয়ে নতুন অবস্থান জানিয়েছে ইরান। দেশটির উপ-পররাষ্ট্রমন্ত্রী মাজিদ তাখত-রাভানচি বলেছেন, কিছু দেশের জাহাজকে প্রণালি দিয়ে চলাচলের অনুমতি দিয়েছে তেহরান।


তবে যেসব দেশ ইরানের বিরুদ্ধে আগ্রাসনে জড়িত, তাদের জাহাজকে এই পথ নিরাপদে ব্যবহার করতে দেওয়া উচিত নয় বলেও মন্তব্য করেন তিনি। একই সঙ্গে ভবিষ্যতে যেন ইরানের ওপর আর যুদ্ধ চাপিয়ে দেওয়া না হয়, সে লক্ষ্যেও দেশটির নেতৃত্ব কাজ করছে বলে জানান তিনি। এ তথ্য জানিয়েছে আল জাজিরা।


বার্তাসংস্থা এএফপিকে দেওয়া এক সাক্ষাৎকারে মাজিদ তাখত-রাভানচি বলেন, কয়েকটি দেশ ইতোমধ্যে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল নিয়ে ইরানের সঙ্গে যোগাযোগ করেছে এবং তেহরান তাদের সঙ্গে সহযোগিতা করেছে।


তিনি বলেন, কিছু দেশ প্রণালি পার হওয়ার বিষয়ে ইরানের সঙ্গে আলোচনা করেছে এবং সে ক্ষেত্রে সহযোগিতা করা হয়েছে। তবে ইরানের দৃষ্টিতে যেসব দেশ তাদের বিরুদ্ধে আগ্রাসনে অংশ নিয়েছে, তাদের হরমুজ প্রণালি দিয়ে নিরাপদ চলাচলের সুবিধা পাওয়া উচিত নয়।


সাক্ষাৎকারে তিনি আরও বলেন, ভবিষ্যতে যেন ইরানের ওপর আর কোনো যুদ্ধ চাপিয়ে দেওয়া না হয়, সে বিষয়েও তেহরানের নেতৃত্ব সতর্ক রয়েছে।


তাখত-রাভানচি বলেন, গত জুনে যখন যুদ্ধ শুরু হয়, তখন ১২ দিনের মাথায় একটি তথাকথিত যুদ্ধবিরতি হয়েছিল। কিন্তু আট বা নয় মাস পর আবার সংগঠিত হয়ে নতুন করে হামলা চালানো হয়।


এছাড়া হরমুজ প্রণালিতে ইরান মাইন পুঁতছে—এমন অভিযোগও তিনি নাকচ করেছেন। তার ভাষায়, “এ ধরনের অভিযোগ একেবারেই সত্য নয়।”