দাবি আদায়ে টানা সাত দিন ধরে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়া এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা আজ (শনিবার) কালো পতাকা মিছিল করেছেন। বাড়ি ভাড়া, মেডিকেল ও উৎসব ভাতা বৃদ্ধির প্রজ্ঞাপন জারির দাবিতে দুপুর ১২টার দিকে শহীদ মিনার থেকে মিছিলটি শুরু হয়। শিক্ষকরা জানিয়েছেন, ন্যায্য দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা শহীদ মিনার ছাড়বেন না।


সরেজমিনে দেখা গেছে, সকাল থেকেই কালো পতাকা হাতে শিক্ষক-কর্মচারীরা শহীদ মিনার প্রাঙ্গণে অবস্থান করছিলেন। অনেকের মাথায় কালো ব্যাজ। তারা স্লোগান তুলেছেন—“ভাতা নয়, ভিক্ষা নয়, ন্যায্য অধিকার চাই”, “বাড়ি ভাড়া বৃদ্ধি করো, ২০ শতাংশের প্রজ্ঞাপন জারি করো” ইত্যাদি।


নারায়ণগঞ্জ থেকে আসা শিক্ষক মো. নাজমুল হক বলেন, “আমরা সাত দিন ধরে রোদ-বৃষ্টি মাথায় নিয়ে শহীদ মিনারে বসে আছি। সরকারের পক্ষ থেকে শুধু আশ্বাসে আর কাজ হবে না, এখন চাই বাস্তব প্রজ্ঞাপন। বাড়ি ভাড়া আর চিকিৎসা ভাতা না বাড়লে শিক্ষক সমাজ টিকে থাকতে পারবে না।”


আরেক শিক্ষক রফিকুল ইসলাম বলেন, “আমরা ক্লাসে ফিরতে চাই, কিন্তু সরকারের অবহেলা আমাদের রাস্তায় নামতে বাধ্য করেছে। এই কালো পতাকা আমাদের ক্ষোভের প্রতীক।”


শিক্ষক-কর্মচারীরা জানিয়েছেন, সরকারের পক্ষ থেকে বাড়ি ভাতা ২০ শতাংশ, চিকিৎসা ভাতা ১,৫০০ টাকা এবং কর্মচারীদের ৭৫ শতাংশ উৎসব ভাতা বৃদ্ধির প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে।


এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী বলেন, “দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। আজ আমরা শিক্ষা উপদেষ্টার অবিবেচক মন্তব্যের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে কালো পতাকা হাতে রাস্তায় নেমেছি। আমরা এখনই বাড়ি ফিরব না—আবার শহীদ মিনারে ফিরে যাব।”


উল্লেখ্য, গত রোববার প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচির সময় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপের ঘটনা ঘটে। এরপর সোমবার (১৩ অক্টোবর) থেকে এমপিওভুক্ত শিক্ষকরা সারাদেশে পাঠদান বন্ধ রেখে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন।