জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাট কালাই উপজেলা প্রশাসনের উদ্যোগে নতুন পাবলিক লাইব্রেরি উদ্বোধন করা হয়েছে। লাইব্রেরিটি শিক্ষার্থীদের পড়াশোনা ও জ্ঞান অর্জনের জন্য আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত।
বৃহস্পতিবার বিকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শামিমা আক্তার জাহান এ লাইব্রেরি উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা হারুনর রশীদ এবং উপজেলা মৎস্য কর্মকর্তা তৌহিদা মোহতামিম।
এছাড়াও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় শিক্ষক, ছাত্রছাত্রী, গণ্যমান্য ব্যক্তি এবং সাংবাদিক উপস্তিত ছিলেন। ইউএনও লাইব্রেরির ওপর গুরুত্বারোপ করে বলেন, “লাইব্রেরিটি শিক্ষার্থীদের পড়াশোনা ও জ্ঞান অর্জনের জন্য আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত। এ ধরনের উদ্যোগ তরুণ প্রজন্মকে জ্ঞান ও সাহিত্য চর্চায় উৎসাহিত করবে।”
লাইব্রেরিতে রয়েছে শিক্ষামূলক বই, পত্রিকা এবং পাঠাগার সুবিধা, যা সকল নাগরিকের জন্য উন্মুক্ত থাকবে। শিক্ষার্থীরা লাইব্রেরির মাধ্যমে নিজ নিজ বিষয়ের জ্ঞান বৃদ্ধির সুযোগ পাবেন। এছাড়াও লাইব্রেরীতে রেফারেন্স কর্নার এবং ডিজিটাল রিডিং সেকশন চালুর পরিকল্পনা রয়েছে। ভবিষ্যতে এখান থেকে বিভিন্ন সাংস্কৃতিক ও সাহিত্যিক কার্যক্রমও পরিচালনা করা হবে।
উপজেলা প্রশাসনের এই উদ্যোগকে স্থানীয় জনগণ অত্যন্ত ইতিবাচকভাবে গ্রহণ করেছে এবং ভবিষ্যতে এ ধরনের আরও লাইব্রেরি স্থাপনের প্রত্যাশা প্রকাশ করেছেন।





