জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটের কালাই উপজেলায় বিভিন্ন শ্রেণি–পেশার প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন নবাগত জেলা প্রশাসক মোঃ আল মামুন মিয়া। সোমবার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এই সভায় সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় সাংবাদিকরা অংশ নেন।
সভা শুরুর আগে জেলা প্রশাসক মোঃ আল-মামুন মিয়া উপস্থিত সবার সঙ্গে পরিচিত হন এবং উপজেলার সার্বিক উন্নয়ন, সেবা প্রদান, অবকাঠামো, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, আইন-শৃঙ্খলা, সামাজিক সমস্যা ও স্থানীয় চাহিদা বিষয়ে সবার মতামত শোনেন।
সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ আল-মামুন মিয়া বলেন, “জনগণের কল্যাণে প্রশাসন সবসময় বদ্ধপরিকর। মাঠপর্যায়ে সেবা আরও সহজ, স্বচ্ছ ও গতিশীল করতে সংশ্লিষ্ট সকলের সমন্বিত ভূমিকা জরুরি।” তিনি অংশগ্রহণকারীদের দেওয়া প্রস্তাবনা ও প্রত্যাশা বাস্তবায়নে দ্রুত প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের আশ্বাস দেন।
মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামিমা আক্তার জাহান সভাপতিত্ব করেন। এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা কৃষি অফিসার হারুনুর রশিদ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও নাহিদ নাজনীন ডেইজি, উপজেলা মৎস্য কর্মকর্তা তৌহিদা মুহতামিম, উপজেলা এলজিইডি প্রকৌশলী সুমন কুমার দেবনাথ, কালাই থানা পুলিশের উপ-পরিদর্শক দীপেন্দ্র নাথসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সভা শেষে জেলা প্রশাসক স্থানীয় জনসেবামূলক কার্যক্রমের অগ্রগতি পর্যবেক্ষণ ও সেবা প্রদানে আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান। পাশাপাশি আসন্ন জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সবার সহযোগিতা কামনা করেন।





