জয়পুরহাট প্রতিনিধি : আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য গণভোটকে সামনে রেখে জয়পুরহাটের কালাই উপজেলার নুনুজ বাজারসহ আশপাশের বিভিন্ন গ্রামে তৃণমূল পর্যায়ের সাধারণ মানুষের মাঝে গণভোট সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জনসংযোগ ও মতবিনিময় কর্মসূচি পালন করেছে জাতীয় নাগরিক পার্টি।

রবিবার দিনব্যাপী এই কার্যক্রমে বাজার, গ্রাম্য সড়ক ও জনসমাগমস্থলে গিয়ে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বলেন দলটির নেতাকর্মীরা। এ সময় তারা গণভোটের উদ্দেশ্য, ভোট প্রদানের পদ্ধতি এবং একটি সচেতন ভোটের গুরুত্ব সম্পর্কে সাধারণ মানুষকে ধারণা দেন।

নেতারা জানান, গণভোট একটি গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়া। তাই ভোটারদের মধ্যে সঠিক তথ্য পৌঁছে দেওয়া এবং বিভ্রান্তি দূর করাই এ কর্মসূচির মূল লক্ষ্য।

এ সময় উপস্থিত ছিলেন জাতীয় যুব শক্তির কেন্দ্রীয় সংগঠক মোঃ আশরাফুল ইসলাম, জাতীয় নাগরিক পার্টি জয়পুরহাট জেলা যুগ্ম আহ্বায়ক মুফতি মাওলানা সাহেব আলী, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ওমর আলী বাবু, সদস্য মনির জামান, জেলা ছাত্র শক্তির আহ্বায়ক সৈয়দ আহমদ উল্লাহ শাকিল, সদস্য সচিব মোঃ রাহিছুল ইসলাম, সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাহমিদ হাসান পিয়াল, যুগ্ম সদস্য সচিব নাফি রহমানীসহ দল ও অঙ্গসংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

কর্মসূচিতে বক্তারা বলেন, গণভোটে জনগণের মতামতই রাষ্ট্রীয় সিদ্ধান্ত গ্রহণের ভিত্তি হিসেবে বিবেচিত হয়। তাই প্রত্যেক নাগরিকের উচিত নির্ভয়ে ও সচেতনভাবে ভোটাধিকার প্রয়োগ করা।

স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, এ ধরনের উদ্যোগের মাধ্যমে গণভোট সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে আগ্রহ ও সচেতনতা বাড়ছে।

নেতৃবৃন্দ জানান, গণভোটের দিন পর্যন্ত কালাই উপজেলাসহ জেলার বিভিন্ন ইউনিয়ন ও গ্রামে পর্যায়ক্রমে এ ধরনের গণসংযোগ ও জনসচেতনতামূলক কর্মসূচি অব্যাহত থাকবে।