হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো সেকশনে লাগা ভয়াবহ আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি। শনিবার (১৮ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত আগুন দাউ দাউ করে জ্বলছে এবং কালো ধোঁয়ায় ছেয়ে গেছে বিমানবন্দরের আশপাশের আকাশ।
দুপুর আড়াইটায় অগ্নিকাণ্ডের পর আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৩৭টি ইউনিটের পাশাপাশি সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী ও বিজিবির সদস্যরা যুক্ত হন। তবে সাড়ে তিন ঘণ্টার নিরলস চেষ্টার পরও আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।
আনসার ও ভিডিপির গণসংযোগ কর্মকর্তা মো. আশিকুজ্জামান জানান, আগুন নিয়ন্ত্রণে কাজ করতে গিয়ে আনসারের ১৫ জন সদস্য আহত হয়েছেন। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে।
ফায়ার সার্ভিসের সদর দপ্তরের মিডিয়া সেল জানিয়েছে, কার্গো ভিলেজে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি। আগুন নেভানোর সময় ফায়ার সার্ভিস ও অন্যান্য সংস্থার বেশ কয়েকজন সদস্য আহত হয়েছেন।
অগ্নিকাণ্ডের কারণে বিমানবন্দরে সব ধরনের ফ্লাইট ওঠানামা বন্ধ রয়েছে। ঢাকাগামী আটটি ফ্লাইট চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দর এবং একটি ফ্লাইট সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে। এদিকে, ঢাকায় ছেড়ে যাওয়ার অপেক্ষায় থাকা বেশ কয়েকটি আন্তর্জাতিক ফ্লাইট ট্যাক্সিওয়েতে আটকে আছে।
ফ্লাইট রেডারেও শাহজালাল বিমানবন্দরে বিমান চলাচল বন্ধ দেখাচ্ছে। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে। কার্গো ভিলেজ এলাকার আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসার পরই স্বাভাবিক ফ্লাইট চলাচল পুনরায় শুরু হবে।





