কেরানীগঞ্জে অবস্থিত ঢাকার কেন্দ্রীয় কারাগারে অসুস্থবোধ করায় সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার (২৫ আগস্ট) কারা অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক (মিডিয়া ও উন্নয়ন) মো. জান্নাত-উল ফরহাদ এ তথ্য জানান।

কারাগার সূত্রে জানা গেছে, নিয়মিত শারীরিক পরীক্ষার অংশ হিসেবে তাকে হাসপাতালে নেওয়া হয় এবং পরে তাকে সেখানে ভর্তি করা হয়। তিনি হৃদ্‌রোগে আক্রান্ত হননি বলেও নিশ্চিত করা হয়েছে।

সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক কয়েক দিন ধরে ঠান্ডাজনিত সমস্যায় ভুগছিলেন। তাই চিকিৎসার প্রয়োজন দেখা দিলে তাকে হাসপাতালে নেওয়া হয়।

প্রসঙ্গত, গত ২৪ জুলাই রাজধানীর ধানমন্ডির নিজ বাসা থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) তাকে আটক করে। পরে নারায়ণগঞ্জের ফতুল্লা থানায় দায়ের করা একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।