কাতারে বাংলাদেশের নবনিযুক্ত রাষ্ট্রদূত মোহাম্মদ হযরত আলী খান মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দোহায় আমিরি দেওয়ানে কাতারের ডেপুটি আমির শেখ আব্দুল্লাহ বিন হামাদ আল থানির কাছে আনুষ্ঠানিকভাবে নিজের পরিচয়পত্র পেশ করেছেন।


দোহার বাংলাদেশ দূতাবাস এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, এসময় সামরিক বাহিনীর একটি চৌকস দল রাষ্ট্রদূতকে গার্ড অব অনার প্রদান করে এবং বাদক দল পরিবেশন করে বাংলাদেশ ও কাতারের জাতীয় সংগীত।


পরিচয়পত্র পেশের আনুষ্ঠানিকতা শেষে রাষ্ট্রদূত মোহাম্মদ হযরত আলী খান কাতারের ডেপুটি আমিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এসময় ডেপুটি আমির নবনিযুক্ত রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে অভিনন্দন জানান এবং তার মাধ্যমে বাংলাদেশের রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা ও জনগণের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।


বৈঠকে ডেপুটি আমির কাতারে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের প্রশংসা করে বলেন, তারা কাতারের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। তিনি বাংলাদেশ ও কাতারের বিদ্যমান ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদারে দ্বিপাক্ষিক বাণিজ্য, বিনিয়োগসহ নানা ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।


রাষ্ট্রদূত হযরত আলী খান কাতারের রাষ্ট্রপতি ও জনগণের প্রতি বাংলাদেশের শুভেচ্ছা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, প্রবাসী বাংলাদেশিরা কাতারের উন্নয়নের পাশাপাশি বাংলাদেশের অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।


বাংলাদেশে কাতারকে বিনিয়োগে আকৃষ্ট করতে রাষ্ট্রদূত এক্সক্লুসিভ ইকোনমিক জোন প্রতিষ্ঠার প্রস্তাব করেন। পাশাপাশি, কাতারের আন্তর্জাতিক কূটনৈতিক ভূমিকার প্রশংসা করে তিনি চলমান বৈশ্বিক সংঘাত নিরসনে কাতারের উদ্যোগ ও মধ্যস্থতাকারী ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। সাম্প্রতিক ইসরায়েলি হামলার ঘটনায় কাতারের অবস্থানের প্রতি সমর্থন জানিয়ে বাংলাদেশ পক্ষ থেকে তীব্র নিন্দা প্রকাশ করেন তিনি।


রাষ্ট্রদূত আরও বলেন, কাতারের আমিরের বাংলাদেশ সফর এবং বাংলাদেশের প্রধান উপদেষ্টার সাম্প্রতিক কাতার সফর দুই দেশের সম্পর্ককে আরও গভীর করেছে। এই উচ্চপর্যায়ের সফর বিনিময় ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন এবং কাতারের ডেপুটি আমিরকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।


ডেপুটি আমির রাষ্ট্রদূতের দায়িত্ব পালনে সফলতা কামনা করেন এবং ভবিষ্যতে পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন।


উল্লেখ্য, এদিন বাংলাদেশের পাশাপাশি বেলজিয়াম, কানাডা, পোল্যান্ডসহ আরও ছয়টি দেশের নবনিযুক্ত রাষ্ট্রদূতরা তাদের পরিচয়পত্র ডেপুটি আমিরের কাছে আনুষ্ঠানিকভাবে পেশ করেন।