বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহ-সম্পাদক রুমিন ফারহানা বলেছেন, কাগজে-কলমে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা যায় না। বরং নিষিদ্ধ করার পর তারা আরও শক্তিশালী হয়ে ফিরে আসে। মঙ্গলবার রাতে এক টকশোতে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।
সম্প্রতি জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার দাবি ও আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রসঙ্গ তুলে রুমিন ফারহানা বলেন, “ইতিহাসে কোনো রাজনৈতিক দল কাগজ-কলম দিয়ে নিষিদ্ধ হয়নি। সাময়িকভাবে নিষিদ্ধ করলে কিছুটা আত্মতুষ্টি পাওয়া যায়, কিন্তু সেই দল পরে আরও শক্তিশালী হয়ে ফিরে আসে।”
উদাহরণ টেনে তিনি বলেন, “পাকিস্তানে ইমরান খানের দলের প্রতীক কেড়ে নেওয়া হয়েছিল। তবুও তারা স্বতন্ত্রভাবে নির্বাচন করে জয় পেয়েছে। মানুষের সমর্থন কাগজে কলমে মুছে ফেলা যায় না।”
আওয়ামী লীগের প্রসঙ্গে রুমিন বলেন, “যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ না করে মানুষের আদালতে ছেড়ে দেওয়া হতো, তারা সাহস করে প্রার্থী দিতে পারত না। আর দিলেও এলাকায় গিয়ে প্রচারণা চালানোর সাহস থাকত না। যদি এক বছরে ড. ইউনূস প্রমাণ করতে পারতেন যে তার শাসনকাল হাসিনার চেয়ে ভালো, তাহলে আওয়ামী লীগের প্রার্থী দাঁড়ানোরই সাহস থাকত না।”
তবে বর্তমান পরিস্থিতি ভিন্ন জানিয়ে তিনি বলেন, “দেশের সার্বিক অবস্থা এখন নাজুক। তাই আওয়ামী লীগ প্রার্থী দিলেও দিতে পারে।”





