ইসরায়েলের তেল আবিবের আকাশে হঠাৎ করেই দেখা মিলেছে হাজার হাজার কাকের বিশাল ঝাঁক। মঙ্গলবার শহরের আকাশ কালো হয়ে যায় পাখির ডানায়, যা মুহূর্তেই স্থানীয়দের মধ্যে আতঙ্ক ও কৌতূহল তৈরি করে। সুউচ্চ ভবন—বিশেষ করে আজরিয়েলি টাওয়ারের চারপাশে পাখিদের ঘুরপাক খাওয়ার দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
ইসরায়েল-ইরান উত্তেজনার প্রেক্ষাপটে এই ঘটনাকে অনেকে ‘অশুভ লক্ষণ’ হিসেবে দেখছেন। সামাজিক মাধ্যমে কেউ কেউ দাবি করছেন, বড় কোনো বিপর্যয়ের আগে প্রকৃতি এভাবেই সংকেত দেয়। ধর্মীয় ব্যাখ্যাতেও ঘটনাটি টানা হচ্ছে—কিছু মানুষ বাইবেলের ‘বুক অব রেভেলেশন’-এর উল্লেখ করে এটিকে সম্ভাব্য যুদ্ধের পূর্বাভাস হিসেবে দেখছেন।
তবে বিশেষজ্ঞরা বলছেন, এতে ভয়ের কিছু নেই। পক্ষীবিদদের মতে, ইসরায়েল বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ পাখির পরিযায়ন পথ। প্রতি বছর বসন্তকালে বিপুল সংখ্যক পাখি এই রুট ব্যবহার করে চলাচল করে। মার্চ মাসে ‘হুডেড ক্রো’ প্রজাতির কাকের প্রজনন মৌসুম হওয়ায় তারা দলবদ্ধভাবে উড়তে দেখা যায়।
তাদের মতে, শহরে খাবারের সহজলভ্যতা এবং উঁচু ভবনগুলো আশ্রয় হিসেবে কাজ করায় এ ধরনের বড় ঝাঁক তৈরি হওয়া স্বাভাবিক। পরিবেশগত পরিবর্তন বা হঠাৎ কোনো শব্দের কারণেও পাখিরা এভাবে একসঙ্গে উড়তে পারে।
তবুও মধ্যপ্রাচ্যের চলমান অস্থিরতার কারণে সাধারণ মানুষের মধ্যে ভয় কাটছে না। সাম্প্রতিক হামলা-পাল্টা হামলা ও সামরিক উত্তেজনার প্রেক্ষাপটে অনেকেই এই প্রাকৃতিক ঘটনাকেও ভিন্নভাবে দেখছেন।





