যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় সড়ক দুর্ঘটনায় মারা গেছেন জনপ্রিয় ভিডিও গেম কল অব ডিউটির সহপ্রতিষ্ঠাতা ভিন্স জাম্পেলা, বয়স ৫৫। এ তথ্য নিশ্চিত করেছে ইলেকট্রনিক আর্টস (ইএ)।
স্থানীয় সময় রোববার লস অ্যাঞ্জেলেসের একটি মহাসড়কে ফেরারি গাড়ি চালাচ্ছিলেন জাম্পেলা। তাঁর সঙ্গে আরেকজন যাত্রী ছিলেন। দুর্ঘটনার সময় গাড়িতে আগুন ধরে যায়, যার ফলে দুজনই নিহত হন।
ইএ-এর এক মুখপাত্র বলেন, “এটি অকল্পনীয় ক্ষতি। জাম্পেলার পরিবার, প্রিয়জন এবং যারা তাঁর কাজের মাধ্যমে প্রভাবিত হয়েছেন—সবার প্রতি আমাদের গভীর সমবেদনা।”
প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে, দুর্ঘটনার সময় যাত্রী আসনে থাকা ব্যক্তি গাড়ি থেকে ছিটকে বাইরে পড়েন। তবে চালক গাড়ির মধ্যে আটকা পড়েন। এখনও নিশ্চিত নয়, জাম্পেলাই গাড়ি চালাচ্ছিলেন কি না এবং ভেতরে থাকা অন্য ব্যক্তি কে ছিলেন।
ক্যালিফোর্নিয়া হাইওয়ে পুলিশের বিবৃতিতে বলা হয়েছে, গাড়িটি কেন রাস্তা থেকে ছিটকে পড়েছে তা এখনও জানা যায়নি। গাড়িটি পুরোপুরি পুড়ে গেছে।
ভিন্স জাম্পেলা ২০০৩ সালে দীর্ঘদিনের সহযোগী জেসন ওয়েস্ট ও গ্র্যান্ট কলিয়ারের সঙ্গে কল অব ডিউটি তৈরি করেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ঘটনাবলি থেকে আংশিক অনুপ্রেরণা নিয়ে তৈরি গেমটি বিশ্বজুড়ে ৫০ কোটির বেশি কপি বিক্রি হয়েছে। বর্তমানে এই গেম অবলম্বনে একটি লাইভ-অ্যাকশন চলচ্চিত্র নির্মাণের কাজ চলছে।





