কলম্বিয়ার প্রশান্ত মহাসাগরীয় উপকূলীয় অঞ্চলে একটি কোকেন প্রস্তুতকারক ল্যাবরেটরিতে বিস্ফোরণে নয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও আটজন আহত হয়েছেন। শুক্রবার দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় নারিঞ্জো বিভাগে এই দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, কোকেন উৎপাদনের সময় একটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হলে মুহূর্তের মধ্যে পুরো ল্যাবে আগুন ধরে যায়। সংশ্লিষ্ট বিদ্রোহী গোষ্ঠীও এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে।
এলাকাটি কোকেন উৎপাদনের জন্য পরিচিত। এখানে আদিবাসী ‘আওয়া’ সম্প্রদায়ের বসবাস রয়েছে এবং একাধিক সশস্ত্র গোষ্ঠীর তৎপরতাও রয়েছে। নিহতরা সাবেক বিদ্রোহী সংগঠন ফার্কের একটি বিচ্ছিন্ন অংশ ‘ন্যাশনাল কোঅর্ডিনেটর বলিভারিয়ান আর্মি’র সঙ্গে যুক্ত ছিলেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
উল্লেখ্য, গোষ্ঠীটি ২০১৬ সালে ফার্কের সঙ্গে সরকারের স্বাক্ষরিত ঐতিহাসিক শান্তি চুক্তি প্রত্যাখ্যান করেছিল। তবে বর্তমানে প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোর বামপন্থী সরকারের সঙ্গে তাদের আলোচনা চলছে।
বিস্ফোরণস্থলটি গত কয়েক দশক ধরে যুক্তরাষ্ট্রে কোকেন পাচারের অন্যতম গুরুত্বপূর্ণ রুট হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। স্থানীয় মাদক চক্রগুলো মেক্সিকোর কার্টেলগুলোর সহায়তায় এই এলাকায় নিজেদের প্রভাব বিস্তার করেছে।
সূত্র: বিএসএস





