বান্দরবান প্রতিনিধি: বান্দরবান শহর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা দীর্ঘদিনের দাবি আদায়ের অংশ হিসেবে কর্মবিরতিতে যাওয়ায় বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষা ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দেয়। এতে শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন হয়ে ওঠেন অভিভাবকরা।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকালে অভিভাবকরা বিদ্যালয়ে এসে প্রধান শিক্ষকের কাছে পরীক্ষার দাবি জানান। পরে প্রধান শিক্ষক অভিভাবকদের সহযোগিতায় পরীক্ষার কার্যক্রম পরিচালনা করেন। এ সময় জেলা ও উপজেলা শিক্ষা কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
একজন অভিভাবক ক্ষোভ প্রকাশ করে বলেন, “সারা বছর পড়াশোনা করার পর শিক্ষার্থীরা বার্ষিক পরীক্ষার মাধ্যমে নিজেদের মূল্যায়নের সুযোগ পায়। এই গুরুত্বপূর্ণ সময়ে এমন আন্দোলন মেনে নেওয়া যায় না। আমরা প্রধান শিক্ষককে সহযোগিতার আশ্বাস দিয়ে পরীক্ষার দাবি জানিয়েছি।”
প্রধান শিক্ষক সোহেল আজাদ জানান, তাদের ওপর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ রয়েছে বার্ষিক পরীক্ষা নেওয়ার। তিনি বলেন, “সহকারী শিক্ষকরা কর্মবিরতিতে থাকলেও অভিভাবকদের সহযোগিতায় আমরা পরীক্ষা নিচ্ছি, যাতে শিক্ষার্থীরা ক্ষতির সম্মুখীন না হয়।”
একজন সহকারী শিক্ষক জানান, এর আগেও তাদের দাবি পূরণের আশ্বাস পাওয়া গেছে, তবে এখনো এ বিষয়ে কোনো প্রজ্ঞাপন জারি হয়নি। তিনি বলেন, “আশ্বাস অনুযায়ী সরকারি প্রজ্ঞাপন জারি হলেই আমরা শ্রেণিকক্ষে ফিরে যাব।”
কর্মবিরতির কারণে পাঠদান এবং পরীক্ষার পরিবেশে যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে, তা দ্রুত সমাধানে সংশ্লিষ্টদের উদ্যোগ কামনা করেছেন অভিভাবক ও স্থানীয় সচেতন মহল।





