শিশুদের অনলাইন আসক্তি এবং সাইবার বুলিং থেকে রক্ষা করতে ১৬ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধ করার ঘোষণা দিয়েছে ইন্দোনেশিয়া।

শুক্রবার (৬ মার্চ) এক ভিডিও বার্তায় ইন্দোনেশিয়ার যোগাযোগ ও ডিজিটাল মন্ত্রী মিউতিয়া হাফিদ এ তথ্য জানান।

অস্ট্রেলিয়া, স্পেন এবং মালয়েশিয়ার পর ইন্দোনেশিয়া বিশ্বের চতুর্থ দেশ হিসেবে এই কঠোর অনলাইন সুরক্ষামূলক পদক্ষেপ গ্রহণ করতে যাচ্ছে।

সরকারের নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী, আগামী ২৮ মার্চ থেকে ফেসবুক, ইনস্টাগ্রাম ও টিকটকের মতো ‘উচ্চ ঝুঁকিপূর্ণ’ সামাজিক যোগাযোগমাধ্যমে ১৬ বছরের কম বয়সী ব্যবহারকারীদের অ্যাকাউন্ট ধাপে ধাপে বন্ধ করার প্রক্রিয়া শুরু হবে।

মন্ত্রী জানান, প্রযুক্তি কোম্পানিগুলো তাদের নির্ধারিত দায়িত্ব পূরণ না করা পর্যন্ত এই প্রক্রিয়া চলবে। তবে বয়স যাচাইয়ের প্রক্রিয়া কীভাবে কার্যকর করা হবে সে বিষয়ে এখনও বিস্তারিত জানানো হয়নি।
সরকারের মতে, শিশুদের মানসিক সুস্থতা ও অনলাইন নিরাপত্তা নিশ্চিত করতেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে। বর্তমানে অনেক শিশু পর্নোগ্রাফি, সাইবার বুলিং, অনলাইন প্রতারণা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে অতিরিক্ত আসক্তির মতো নানা ঝুঁকির সম্মুখীন হচ্ছে বলে মনে করা হচ্ছে।

তবে মন্ত্রী স্বীকার করেছেন, নতুন এই বিধিনিষেধ কার্যকর হলে শুরুতে শিশুদের মধ্যে অসন্তোষ দেখা দিতে পারে এবং অভিভাবকদেরও কিছুটা ভোগান্তিতে পড়তে হতে পারে। তবুও দীর্ঘমেয়াদে শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে এ সিদ্ধান্ত প্রয়োজনীয় বলে মনে করছে সরকার।