ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে আগামী ১২ ফেব্রুয়ারি। নির্বাচন ঘিরে শেষ মুহূর্তের প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। তবে নির্বাচন কমিশনের বিধান অনুযায়ী, নির্দিষ্ট সময়ের পর আর প্রচার চালানো যাবে না।
\r\nনিয়ম অনুযায়ী, আগামীকাল মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টায় নির্বাচনী প্রচার-প্রচারণা শেষ হবে। অর্থাৎ ভোটের আগে আর মাত্র কয়েক ঘণ্টাই প্রচারণার সুযোগ পাচ্ছেন প্রার্থীরা।
\r\nএরপর ১২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত একযোগে সারা দেশের ২৯৯টি সংসদীয় আসনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। স্বচ্ছ ব্যালট বাক্সে ব্যালট পেপারের মাধ্যমে ভোট দেবেন ভোটাররা। একই দিনে গণভোটও অনুষ্ঠিত হবে।
\r\nনির্বাচনী বিধান অনুযায়ী, ভোট গ্রহণের ৪৮ ঘণ্টা আগে প্রচার-প্রচারণা বন্ধ করতে হয়। সে অনুযায়ী, গত ২২ জানুয়ারি শুরু হওয়া প্রচারের সময়সীমা শেষ হচ্ছে আগামীকাল সকালে।
\r\nএবারের নির্বাচনে মোট ভোটার ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৮৯৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ১৫৪ জন, নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ৫২৫ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১ হাজার ২২০ জন।





