কক্সবাজার অভ্যন্তরীণ বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে ঘোষণা করে জারি করা প্রজ্ঞাপন স্থগিত করা হয়েছে। শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার বিমানবন্দরের আন্তর্জাতিক বিমান উড্ডয়ন কমিটির সভাপতি ও বিমানবন্দর পরিচালক এয়ার কমোডর মো. নুর-ই-আজম। ফলে আপাতত কক্সবাজার বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট চালু হচ্ছে না।
\r\nবেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) সূত্রে জানা গেছে, সরকার কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক ঘোষণা করার প্রজ্ঞাপন স্থগিত করেছে। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত বিমানবন্দরটি আগের মতোই কেবল অভ্যন্তরীণ ফ্লাইট পরিচালনা করবে।
\r\nসম্প্রতি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছিল। গত ১৩ অক্টোবর (রোববার) প্রকাশিত সেই প্রজ্ঞাপনে বলা হয়েছিল, “জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।”
\r\nতবে অবকাঠামোগত ও প্রশাসনিক প্রস্তুতি সম্পূর্ণ না হওয়ায় সরকারের পক্ষ থেকে ঘোষণাটি স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।
\r\nউল্লেখ্য, দেশের অন্যতম পর্যটন নগরী কক্সবাজারকে থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুর ও ভারতের সঙ্গে সরাসরি আকাশপথে যুক্ত করার পরিকল্পনা ছিল সরকারের।





