কক্সবাজারের নুনিয়ারছড়া ঘাটে সেন্টমার্টিনগামী পর্যটকবাহী জাহাজ ‘দ্য আটলান্টিক ক্রুজে’ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে জাহাজের এক ক্রু নিহত হয়েছেন। শনিবার (২৭ ডিসেম্বর) সকাল আনুমানিক ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
সকালে ঘাটে ভেড়ানোর সময় জাহাজটিতে আগুনের সূত্রপাত হয় বলে জানা গেছে। অল্প সময়ের মধ্যেই আগুন পুরো জাহাজে ছড়িয়ে পড়ে। সে সময় জাহাজে নাবিক ও ক্রুসহ মোট ১৬ জন উপস্থিত ছিলেন।
খবর পেয়ে কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় পৌনে দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে জাহাজের বেশিরভাগ অংশ পুড়ে যায়। উপজেলা প্রশাসনের উদ্যোগে স্পিডবোট ও ট্রলার পাঠিয়ে নাবিক ও অন্যান্য ক্রুদের উদ্ধার করা হয়। পরে ফায়ার সার্ভিস নুর কামাল নামে এক ক্রুর মরদেহ উদ্ধার করে।





