পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার ও সাবেক অধিনায়ক ওয়াসিম আকরামের বিরুদ্ধে অনলাইনে জুয়া ও বেটিং প্ল্যাটফর্ম প্রচারের অভিযোগ উঠেছে। লাহোরে ন্যাশনাল সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন এজেন্সি (এনসিসিআইএ)-তে এ বিষয়ে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগে বলা হয়েছে, আকরাম একটি বিদেশি বেটিং অ্যাপ ‘বাজি’–এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করেছেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে তার প্রচারণার পোস্টার ও ভিডিও ছড়িয়ে পড়েছে। এতে সাধারণ মানুষের মধ্যে অ্যাপটি নিয়ে আগ্রহ তৈরি হয়েছে।
অভিযোগকারী মুহাম্মদ ফিয়াজ এনসিসিআইএ-কে আবেদন করে আকরামের বিরুদ্ধে ২০১৬ সালের ইলেকট্রনিক ক্রাইমস অ্যাক্ট অনুযায়ী কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন।
এনসিসিআইএ–র একজন কর্মকর্তা পাকিস্তানের সংবাদমাধ্যম পিটিআইকে বলেছেন, \"আমরা আকরামের বিরুদ্ধে অভিযোগ পেয়েছি। যদি প্রমাণিত হয়, তবে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”
এ বিষয়ে এখনও ওয়াসিম আকরামের কোনো মন্তব্য পাওয়া যায়নি।
একই অ্যাপ প্রচারের অভিযোগে সম্প্রতি জনপ্রিয় টিকটকার ও ইউটিউবার সাদ-উর-রহমান (ডাকি ভাই) গ্রেপ্তার হয়েছেন।





