জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় ওয়াজ মাহফিলের হিসাব-নিকাশকে কেন্দ্র করে চলমান বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় ইয়ানূর হোসেন (৩৫) নামে এক যুবদল নেতা নিহত হয়েছে। এ ঘটনায় তার সঙ্গে থাকা আল আমিন নামে আরও একজন গুরুতর আহত হয়েছেন।
বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার কুসুম্বা ইউনিয়নের ঢাকারপাড়া মোড়ে পাঁচবিবি–গোবিন্দগঞ্জ সড়কে এ মর্মান্তিক হামলার ঘটনা ঘটে।
নিহত ইয়ানূর হোসেন পাঁচবিবি উপজেলার ছালাখুর গ্রামের আলম হোসেনের ছেলে। তিনি কুসুম্বা ইউনিয়ন যুবদলের পদ প্রত্যাশী ছিলেন এবং সক্রিয়ভাবে যুবদলের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন বলে নিশ্চিত করেছেন উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক নয়ন প্রধান।
স্থানীয় সূত্র জানায়, কয়েকদিন আগে কুসুম্বা ইউনিয়নের পুকুরপাড় গুচ্ছপাড়া গ্রামের একটি মসজিদের উদ্যোগে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়। ওই মাহফিলের চাঁদা ও অর্থ সংগ্রহের হিসাব-নিকাশের দায়িত্বে ছিলেন ইয়ানূর হোসেন। এ হিসাব নিয়ে গ্রামের মোস্তফা নামে এক ব্যক্তির সঙ্গে তার বিরোধ শুরু হয়।
এ বিরোধ ধীরে ধীরে গ্রামজুড়ে ছড়িয়ে পড়ে। ইয়ানূর ও মোস্তফাকে কেন্দ্র করে গ্রামবাসী দুই গ্রুপে বিভক্ত হয়ে যায়। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে একাধিক দফা হামলা, মানববন্ধন এবং থানায় অভিযোগ পর্যন্ত গড়ায়।
বৃহস্পতিবার রাতে ইয়ানূর তার বন্ধু আল আমিনকে সঙ্গে নিয়ে আমিরপুর গ্রাম থেকে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে ঢাকারপাড়া মোড়ে পৌঁছালে প্রতিপক্ষের লোকজন তাদের ওপর অতর্কিত হামলা চালায়। ধারালো অস্ত্রের আঘাতে দুজনই গুরুতর আহত হন।
তাদের চিৎকারে আশপাশের গ্রামবাসীরা এগিয়ে এসে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক ইয়ানূর হোসেনকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত আল আমিনকে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ আব্দুল হাফিজ মো. রায়হান জানান, নিহত ইয়ানূরের মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হবে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশ অভিযান শুরু করেছে।
তিনি আরও জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।