ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদির হত্যাকাণ্ডকে গভীর উদ্বেগের সঙ্গে দেখে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। সংস্থাটি অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছে হত্যাকাণ্ডের দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করার জন্য।


শুক্রবার (১৯ ডিসেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল উল্লেখ করেছে, সহিংসতা ও হত্যার ঘটনায় দায়ীদের ন্যায্য বিচারের আওতায় নিয়ে আসার জন্য অবিলম্বে পদক্ষেপ নেওয়া প্রয়োজন, তবে মৃত্যুদণ্ড ছাড়াই।


এর আগে ১২ ডিসেম্বর রাজধানীর পুরানা পল্টনের বক্স কালভার্ট সড়কে নির্বাচনী প্রচারণার সময় দুর্বৃত্তরা চলন্ত মোটরসাইকেল থেকে রিকশায় থাকা ওসমান হাদিকে গুলি করে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ১৫ ডিসেম্বর এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হলে ১৮ ডিসেম্বর সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।


শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় ওসমান হাদির মরদেহ দেশে ফিরানো হয়। ইনকিলাব মঞ্চ জানিয়েছে, পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী তাকে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে সমাহিত করা হবে এবং মানিক মিয়া অ্যাভিনিউতে জোহরের নামাজের পর জানাজা অনুষ্ঠিত হবে।