ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির জানাজায় অংশ নেওয়ার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) থেকে শিক্ষার্থীদের সঙ্গে আটটি বাস রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে পৌঁছেছে।
শনিবার (২০ ডিসেম্বর) দুপুর ১২টায় রাজু ভাস্কর্য ও অপরাজেয় বাংলা এলাকার সামনে থেকে বাসগুলো রওনা করা হয়। এর মধ্যে শিক্ষার্থীদের জন্য পাঁচটি লালবাস, শিক্ষকদের জন্য দুটি এসি মিনিবাস এবং কর্মকর্তা-কর্মচারীদের জন্য একটি লালবাস বরাদ্দ করা হয়েছিল।
ওসমান হাদির জানাজা দুপুর ২টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে। অংশ নিতে সকাল থেকেই মানুষ দলে দলে আসতে শুরু করে। দুপুর পৌনে ১২টার দিকে সরেজমিনে দেখা গেছে, ছোট-বড় মিছিল নিয়ে হাজারো মানুষ মানিক মিয়া অ্যাভিনিউতে প্রবেশ করছে। তারা হাদির হত্যার বিচার দাবি করে স্লোগান দিচ্ছে।
মানিক মিয়া অ্যাভিনিউয়ে প্রবেশের জন্য লোকজনকে খামারবাড়ি গোল চত্বরের সামনে দিয়ে ঢুকানোর ব্যবস্থা করা হয়েছে। সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নিরাপত্তা ব্যবস্থা নিয়েছেন এবং কাউকে সন্দেহ হলে তল্লাশি করা হচ্ছে। পুরুষদের সঙ্গে অনেক নারীও উপস্থিত ছিলেন।
\r\n\r\n\r\n\r\n
গত ১২ ডিসেম্বর নির্বাচনি গণসংযোগের জন্য রাজধানীর বিজয়নগর এলাকায় গেলে চলন্ত মোটরসাইকেল থেকে ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী হাদিকে গুলি করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অস্ত্রোপচারের পর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হলে সেখানে বৃহস্পতিবার রাতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যু বরণ করেন।





