ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির কবরে শ্রদ্ধা জানাতে ভিড় জমেছে সাধারণ মানুষ। রোববার (২১ ডিসেম্বর) সকাল থেকে কবর প্রাঙ্গণে বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ ঢলছে।

শুধু সাধারণ মানুষই নয়, বিভিন্ন রাজনৈতিক ও পেশাজীবী দলের নেতাকর্মীরাও উপস্থিত হন, বিশেষ করে যারা গতকাল হাদির জানাজায় অংশ নিতে পারেননি। উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী দলের আমির ডা. শফিকুর রহমানও।

শোকস্তব্ধ মুহূর্তে সাধারণ মানুষের একটাই প্রত্যাশা, এমন নেতার মৃত্যু যেন আর কখনো জাতির জীবনে না ঘটে। তারা হাদির হত্যাকাণ্ডে রাষ্ট্রযন্ত্রের কোনো ব্যর্থতা আছে কিনা তা খতিয়ে দেখারও আহ্বান জানিয়েছেন।

এর আগে, শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধি চত্বরে হাদিকে সমাহিত করা হয়। তার আগে দুপুরে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজারে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজার নামাজ পড়ান তার বড় ভাই। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, অন্যান্য উপদেষ্টা ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও সাধারণ মানুষ।