ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহিদ শরিফ ওসমান বিন হাদি হত্যার মূল পরিকল্পনাকারী ও নির্দেশদাতা হিসেবে অভিযুক্ত ঢাকা মহানগর উত্তর যুবলীগের সাংগঠনিক সম্পাদক তাজুল ইসলাম বাপ্পী বর্তমানে কলকাতায় আত্মগোপনে রয়েছেন।
অনুসন্ধানে জানা গেছে, মিরপুর এলাকার সাবেক এই ওয়ার্ড কাউন্সিলর পুলিশ পরিচয়ে কলকাতার রাজারহাটের ওয়েস্ট বেড়াবেড়ি, মেঠোপাড়া এলাকার ঝনঝন গলির একটি বাড়ির প্রথম তলার এ–থ্রি ফ্ল্যাটে প্রায় তিন মাস ধরে অবস্থান করছেন।
এদিকে হাদি হত্যা মামলার তদন্ত শেষে ১৭ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকেলে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, রাজনৈতিক প্রতিহিংসার কারণেই ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে হত্যা করা হয়েছে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, তদন্তকালে গ্রেপ্তার আসামিদের জবানবন্দি, প্রত্যক্ষ ও পরোক্ষ সাক্ষ্য, ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ, উদ্ধার করা আগ্নেয়াস্ত্র ও বুলেট এবং ইলেকট্রনিক ডিভাইসের ফরেনসিক প্রতিবেদন বিশ্লেষণ করা হয়েছে। এসব তথ্যের ভিত্তিতে এখন পর্যন্ত ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারীসহ সরাসরি জড়িত দুজনসহ মোট পাঁচজন এখনো পলাতক রয়েছেন।
ডিবির তথ্যমতে, হত্যার পরিকল্পনাকারী ও নির্দেশদাতা তাজুল ইসলাম চৌধুরী ওরফে বাপ্পী। হত্যাকাণ্ডে সরাসরি গুলি করেন ফয়সাল করিম এবং তাকে সহযোগিতা করেন আলমগীর হোসেন। এই তিনজনই বর্তমানে ভারতে অবস্থান করছেন।





