ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর হামলায় জড়িত একজনকে প্রাথমিকভাবে শনাক্ত করেছে পুলিশ। এ বিষয়ে কারও কাছে কোনো তথ্য থাকলে পুলিশকে জানানোর আহ্বান জানানো হয়েছে।
\r\n
শনিবার (১৩ ডিসেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, অভিযুক্ত ব্যক্তির বিষয়ে তথ্য প্রদানকারীর পরিচয় গোপন রাখা হবে এবং তাকে উপযুক্ত পুরস্কার দেওয়া হবে।
\r\n
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, শুক্রবার (১২ ডিসেম্বর) রাজধানীর বিজয়নগর বক্স কালভার্ট এলাকায় মোটরসাইকেল আরোহী দুর্বৃত্তদের হামলায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি গুরুতর আহত হন। ঘটনার পর থেকে হামলাকারীদের গ্রেপ্তারে ঢাকা মেট্রোপলিটন পুলিশ রাজধানীর বিভিন্ন এলাকায় জোর অভিযান চালাচ্ছে।
\r\n
পুলিশ জানায়, ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ছবিতে দেখা একজন ব্যক্তিকে প্রাথমিকভাবে শনাক্ত করা সম্ভব হয়েছে এবং তাকে গ্রেপ্তারে সর্বাত্মক চেষ্টা চলছে।
\r\n
ডিএমপি বিজ্ঞপ্তিতে অনুরোধ জানায়, ওই ব্যক্তি সম্পর্কে কারও কাছে কোনো তথ্য থাকলে বা তার অবস্থান সম্পর্কে জানা গেলে দ্রুত ডিসি মতিঝিল (০১৩২০০৪০০৮০), ওসি পল্টন (০১৩২০০৪০১৩২) অথবা জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯–এ যোগাযোগ করার জন্য।





