সৌদি আরবের মদিনার কাছে যাত্রীবাহী একটি বাসের সঙ্গে ডিজেলভর্তি ট্যাংকারের সংঘর্ষে কমপক্ষে ৪২ জন ওমরাহযাত্রী নিহত হয়েছেন। নিহতদের বেশির ভাগই ভারতীয় নাগরিক বলে ধারণা করা হচ্ছে।

সৌদি আরবের স্থানীয় গণমাধ্যম উদ্ধৃত করে সোমবার এই তথ্য জানিয়েছে এনডিটিভি। জানা গেছে, বাসটি মক্কা থেকে মদিনার পথে ছিল। বাংলাদেশি সময় রাত ২টার দিকে মুফরিহাত এলাকায় দুর্ঘটনাটি ঘটে।


খালিজ টাইমস জানিয়েছে, বাসের বেশির ভাগ যাত্রী ভারতের তেলেঙ্গানা রাজ্যের হায়দরাবাদ থেকে আসা। তারা মক্কায় ধর্মীয় আনুষ্ঠানিকতা শেষ করে মদিনায় ফিরছিলেন।

গালফ নিউজের খবর অনুযায়ী, দুর্ঘটনার সময় অনেক যাত্রী ঘুমিয়ে ছিলেন। সংঘর্ষের পর বাসে আগুন ধরে গেলে তারা বের হওয়ার সুযোগ পাননি। নিহতদের মধ্যে অন্তত ১১ জন নারী এবং ১০টি শিশু থাকতে পারে, যদিও সঠিক সংখ্যা এখনো নিশ্চিত করা যায়নি।


উদ্ধারকারীদের মতে, বাসটি সম্পূর্ণ পুড়ে যাওয়ায় মৃতদের শনাক্ত করা দুষ্কর হয়ে পড়েছে। এ ঘটনায় মোহাম্মদ আব্দুল শোয়াইব নামে একজন যাত্রী জীবিত উদ্ধার হয়েছেন। তাকে হাসপাতালে ভর্তি করা হলেও তার অবস্থা সম্পর্কে কিছু জানা যায়নি।

তেলেঙ্গানা সরকার জানিয়েছে, তারা রিয়াদে ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ রাখছে। মুখ্যমন্ত্রী রেভন্ত রেড্ডি দিল্লির কর্মকর্তাদের দূতাবাসের সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয়ের নির্দেশ দিয়েছেন।