জাবি প্রতিনিধি: ২০২৫ সালের 'ঐতিহ্য-শান্তনু কায়সার সাহিত্য পুরস্কার' ঘোষণা করা হয়েছে । জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ৪৯তম ব্যাচের ‘তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি’ বিভাগের শিক্ষার্থী হেমায়েত উল্লাহ ইমন  কবিতায় 'ফেনাফুল' পাণ্ডুলিপি এবং একই বিশ্ববিদ্যালয়ের ৪৭তম ব্যাচের ‘নাটক ও নাট্যতত্ত্ব’ বিভাগের শিক্ষার্থী শরণ এহসান নাটকে 'পুরনামা' পাণ্ডুলিপির জন্য শরণ এহসান  পুরস্কার পেয়েছেন। এছাড়া কথাসাহিত্যে 'গালিবের মুশায়েরায়' পাণ্ডুলিপির জন্য জুবায়ের রশীদ এই কৃতিত্ব  অর্জন করেন। 

বহুমাত্রিক লেখক প্রয়াত শান্তনু কায়সারের স্মৃতিতে বাংলা প্রকাশনার গৌরব 'ঐতিহ্য' এবং 'শান্তনু কায়সার স্মৃতি পাঠাগার ও চর্চা কেন্দ্র, সাজনমেঘ'-এর যৌথ উদ্যোগে প্রবর্তিত হয় ‘ঐতিহ্য-শান্তনু কায়সার সাহিত্য পুরস্কার'।

গত ২৮ মে ২০২৪ তারিখ পুরানা পল্টনস্থ ঐতিহ্য কার্যালয়ে ঐতিহ্য'র প্রধান নির্বাহী আরিফুর রহমান নাইম এবং শান্তনু কায়সারের পরিবারের পক্ষে তাঁর কনিষ্ঠ পুত্র রাসেল রায়হানের মধ্যে এ সংক্রান্ত যৌথ আলোচনায় ‘ঐতিহ্য-শান্তনু কায়সার সাহিত্য পুরস্কার' প্রবর্তনের সিদ্ধান্ত গৃহীত হয়।

পুরস্কারের জন্য ২৩ আগস্ট ২০২৫ থেকে ১৫ নভেম্বর ২০২৫ তারিখ পর্যন্ত পাণ্ডুলিপি আহ্বান করা হয়। পুরস্কার সংক্রান্ত নীতিমালা অনুযায়ী প্রতিবছর পাঁচটি বিষয়ে জমাকৃত পাণ্ডুলিপির মধ্যে পুরস্কারের জন্য গঠিত বিচারকমণ্ডলীর বাছাই করা সেরা তিনটি পাণ্ডুলিপির (পাঁচটি ক্ষেত্রের যে কোনও ক্ষেত্রের তিনটি সেরা পাণ্ডুলিপি) লেখককে প্রতিটি ৫০,০০০ টাকা অর্থমূল্যের এ পুরস্কার, ক্রেস্ট ও সনদ প্রদান করা হবে এবং সেরা তিনটি পাণ্ডুলিপিই পরবর্তী বছর অমর একুশে বইমেলায় ‘ঐতিহ্য’ থেকে বই আকারে প্রকাশিত হবে। তাছাড়া প্রতিবছর অধ্যাপক শান্তনু কায়সারের জন্মদিন ৩০ ডিসেম্বর এ পুরস্কার ঘোষণার বিধান রাখা হয়।

কবিতায় পুরস্কার পেয়ে হেমায়েত উল্লাহ ইমন বলেন,''প্রথম বই প্রকাশের সাহস ও আনন্দ কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে এই পুরস্কার, বিস্মিত! নিজের সাথে একটা প্রতিজ্ঞাও করেছি, প্রতিদিন সময় করে পড়া ও লেখা চালিয়ে যেতেই হবে'।