জাতীয় ঐকমত্য কমিশনের চলমান বৈঠকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে অগ্রগতি হয়েছে বলে জানিয়েছেন কমিশনের সহসভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ। বুধবার (৩০ জুলাই) বিকেল ৩টায় আলোচনা শুরুর আগে বক্তব্যে তিনি এ তথ্য জানান।

ড. রীয়াজ বলেন, “আপনারা যে দায়িত্ব আমাদের দিয়েছেন, তার মধ্যে সিদ্ধান্ত গ্রহণ একটি গুরুত্বপূর্ণ দিক। আমরা চেষ্টা করছি দ্রুত ঐকমত্যে পৌঁছাতে এবং আগামীকালকের মধ্যেই আপনাদের তা জানাতে পারব।”

তিনি জানান, সংসদে নারীর প্রতিনিধিত্ব সংক্রান্ত আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। এ বিষয়ে একটি লিখিত খসড়া প্রস্তাব শিগগিরই অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলোর কাছে তুলে দেওয়া হবে।

তবে রাষ্ট্রপতির ক্ষমতা ও দায়িত্ব নিয়ে আলোচনার সূচনা এখনো হয়নি বলেও জানান তিনি। তার ভাষায়, “প্রাথমিকভাবে সব দল মৌলিক অধিকার সম্প্রসারণে নীতিগতভাবে একমত হলেও সংবিধানে এ নিয়ে কী ধরনের পরিবর্তন আসবে, তা নিয়ে কিছু ভিন্নমত রয়ে গেছে।”

আলোচনার অংশ হিসেবে বিএনপির সুপারিশ ও আপত্তিগুলো কমিশনের কাছে উপস্থাপন করা হয়েছে জানিয়ে তিনি বলেন, এসব মতামত আলোচনা এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

ড. রীয়াজ আরও বলেন, “আজকের মধ্যে আমরা যেসব বিষয়ে ঐকমত্যে পৌঁছাতে পেরেছি, তার একটি তালিকা রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো হবে। আশা করছি, আগামীকাল একটি সমন্বিত ও গ্রহণযোগ্য খসড়া সনদ তুলে ধরতে পারব।”

দলগুলোর সহযোগিতার প্রশংসা করে তিনি বলেন, “আলোচনার গতি বাড়াতে সকল পক্ষের অব্যাহত সহযোগিতা প্রয়োজন। ইতোমধ্যে যেভাবে সহায়তা পেয়েছি, তেমনটাই অব্যাহত থাকবে বলে আমরা প্রত্যাশা করছি।”

তিনি আশাবাদ ব্যক্ত করেন, রাষ্ট্রপতির ক্ষমতা ও দায়িত্ব নিয়ে প্রস্তাব চূড়ান্ত না হলেও বাকি বিষয়ে দ্রুত সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হবে।