আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেছেন, টিএফআই সেলের গুম মামলার শুনানিকে সেনাবাহিনীর বিরুদ্ধে অবস্থান তৈরির চেষ্টা করা হচ্ছে, যা উদ্দেশ্যমূলক। তিনি স্পষ্ট করেন, এ বিচার দেশপ্রেমিক সেনাবাহিনীর বিরুদ্ধে নয়, বরং সুনির্দিষ্ট অপরাধে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে।
বুধবার ট্রাইব্যুনাল প্রাঙ্গণে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
তিনি জানান, আদালতও এ বিষয়ে পরিষ্কার মত দিয়েছে যে, বিচার প্রক্রিয়া প্রতিষ্ঠানবিরোধী নয়। প্রসিকিউটরের ভাষ্য অনুযায়ী, যেসব অভিযুক্তের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে, অপরাধ সংঘটনের সময় তারা পুলিশে কর্মরত ছিলেন। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন পুলিশেরই একটি শাখা, এবং সেখানে দায়িত্ব পালনের সময় সামরিক শৃঙ্খলার বাইরে থেকে তারা গুরুতর অপরাধে জড়ান, যা মানবতাবিরোধী অপরাধের অন্তর্ভুক্ত।
চিফ প্রসিকিউটর বলেন, আসামিপক্ষ বিশেষ সুবিধার দাবি তুললেও আদালত তা নাকচ করেছেন। আদালত মনে করিয়ে দিয়েছেন, আইনের দৃষ্টিতে সব নাগরিক সমান এবং অভিযোগ যতই গুরুতর হোক, রায় না হওয়া পর্যন্ত আসামিরা নির্দোষ হিসেবে বিবেচিত হবেন। তবে অন্য আসামিদের মতোই তারা স্বাভাবিক সুবিধা পাবেন, অতিরিক্ত কোনো সুবিধা নয়।





