ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোর রিডিংরুমে শিগগিরই স্থাপন করা হচ্ছে শীতাতপনিয়ন্ত্রণ (এসি) যন্ত্র। পাশাপাশি হলের ক্যান্টিন সংস্কার, মসজিদের পরিবেশ উন্নয়ন ও ছাত্রীদের নিরাপত্তা জোরদারের উদ্যোগও নেওয়া হয়েছে। রোববার (২১ সেপ্টেম্বর) এসব তথ্য জানিয়েছেন নবনির্বাচিত ডাকসু সাধারণ সম্পাদক (জিএস) এস এম ফরহাদ।
তিনি বলেন, “শিক্ষার্থীদের পড়াশোনার মানসম্পন্ন পরিবেশ নিশ্চিত করতে হলে রিডিংরুমে এসি অপরিহার্য। এক মাসের মধ্যেই সব হলে এসি স্থাপন শেষ করার লক্ষ্য নিয়েছি। অর্থ না থাকলেও বিকল্প ব্যবস্থায় এই উদ্যোগ বাস্তবায়ন করব।”
ফরহাদ জানান, এরই মধ্যে হল কর্তৃপক্ষের সঙ্গে প্রাথমিক আলোচনা শেষ হয়েছে। অগ্রাধিকার ভিত্তিতে তিনটি বিষয় নিয়ে কাজ শুরু হয়েছে—রিডিংরুমে এসি, মসজিদের অনুপযুক্ত পরিবেশ এবং ক্যান্টিনের নিম্নমান।
তিনি আরও জানান, ছাত্রী হলে রান্নাবান্নার সমস্যা ও নিরাপত্তাহীনতা দূর করতে কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে। এছাড়া বাইরের তিনটি হলে নিরাপত্তা এবং শব্দ নিয়ন্ত্রণ ব্যবস্থাও চালু করা হবে।
গবেষণাভিত্তিক বিশ্ববিদ্যালয় গঠনে উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান ফরহাদ। তার ভাষায়, “আমাদের ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে বৈঠক করেছেন। গবেষণা ফান্ড, আন্তর্জাতিক জার্নাল অ্যাকসেস, একাডেমিক ই-মেইল, লাইব্রেরি উন্নয়ন ইত্যাদি বিষয়ে আনুষ্ঠানিক প্রস্তাব দেওয়া হয়েছে।”
ক্যাম্পাস নিরাপত্তা ও যানবাহন নিয়ন্ত্রণ
ফরহাদ বলেন, “প্রক্টরিয়াল টিমের সঙ্গে আলোচনা করে টিএসসি এলাকায় শব্দদূষণ ও যানবাহন নিয়ন্ত্রণের সিদ্ধান্ত হয়েছে। রিকশা চলাচল নিয়ন্ত্রণ এবং নির্ধারিত পরিবহন ব্যবস্থা চালুর পরিকল্পনাও নেওয়া হয়েছে।”
তিনি আরও জানান, শিক্ষার্থীদের অভিযোগ গ্রহণে একটি ডিজিটাল কমপ্লেইন বক্স চালু করা হবে, যেখানে সরাসরি অভিযোগ জানানো যাবে।
নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অঙ্গীকার
নিজেদের ইশতেহার বাস্তবায়ন নিয়ে দৃঢ় প্রতিজ্ঞ ফরহাদ বলেন, “নির্বাচনে দেওয়া ১২ মাসের ৩৬টি সংস্কারের অর্ধেক আমরা ৬ মাসের মধ্যেই শেষ করব। বাকি কাজগুলোও ধাপে ধাপে সম্পন্ন হবে। আমরা ডাকসুর অতীত অর্জনকে ছাড়িয়ে নতুন ইতিহাস গড়তে চাই।”
বিরোধী মত ও রাজনৈতিক সহিংসতা প্রসঙ্গে
বিরোধী মতের স্বাধীনতা প্রসঙ্গে ফরহাদ স্পষ্টভাবে বলেন, “বিরোধী মত দমনের কোনো সুযোগ থাকবে না। ডাকসু হবে সকল শিক্ষার্থীর প্রতিনিধি প্রতিষ্ঠান—যেখানে মত, চিন্তা, শ্রেণি, বয়স এবং জেন্ডারভেদে সকলের অংশগ্রহণ নিশ্চিত করা হবে।”
তিনি আরও জানান, শিক্ষকদের মূল্যায়ন ব্যবস্থা ফিরিয়ে আনা এবং রেজিস্ট্রার বিল্ডিং কেন্দ্রিক প্রশাসনিক জটিলতা দূর করতে কঠোর তদারকি গড়ে তোলা হবে।
ফরহাদের দাবি, “রাজনৈতিক সহিংসতার দিন শেষ। এখন ডাকসু কার্যকর, তাই দলীয় এজেন্ডা চাপিয়ে দেওয়ার সুযোগ আর থাকবে না। আমরা চাই সবাই মিলে একটি গণতান্ত্রিক, কার্যকর ও শিক্ষার্থীবান্ধব ডাকসু গড়ে তুলতে।”





