দীর্ঘ আলোচনা ও অনিশ্চয়তার পর অবশেষে চূড়ান্ত হলো ২০২৫ এশিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্টের সময় ও ভেন্যু। আজ শনিবার (২৬ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যমে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) সভাপতি ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভি নিশ্চিত করেছেন, এবারের এশিয়া কাপ অনুষ্ঠিত হবে ৯ থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত, সংযুক্ত আরব আমিরাতে। আয়োজক হিসেবে থাকছে ভারত।

ভারতের মাটিতে এশিয়া কাপ হওয়ার কথা থাকলেও রাজনৈতিক টানাপোড়েন, নিরাপত্তা ও ভিসা জটিলতা মাথায় রেখে শেষ পর্যন্ত ভেন্যু সরিয়ে নেয়া হয়েছে। আমিরাতে টুর্নামেন্ট আয়োজনের গুঞ্জন আগেই ছিল, এবার তা আনুষ্ঠানিক রূপ পেল।

মহসিন নাকভি তার এক্স (সাবেক টুইটার) পোস্টে লিখেছেন, ‘আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি, ২০২৫ এশিয়া কাপ অনুষ্ঠিত হতে যাচ্ছে সংযুক্ত আরব আমিরাতে। এই মর্যাদাপূর্ণ প্রতিযোগিতা ৯ থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। আমরা দারুণ এক ক্রিকেট উৎসব দেখার অপেক্ষায়।’

তিনি জানান, সম্পূর্ণ সূচি খুব শিগগিরই প্রকাশ করা হবে।

এর আগে ঢাকায় অনুষ্ঠিত এসিসির বার্ষিক সাধারণ সভায় (এজিএম) ১৩ দেশের ২৫ জন প্রতিনিধি অংশ নেন। ভারতে না এলেও ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) ও শ্রীলঙ্কা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়। এই সভা আয়োজন এবং সদস্য দেশগুলোকে একমঞ্চে আনার ক্ষেত্রে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বিশেষ ভূমিকা ছিল বলে জানা গেছে।

এবারের এশিয়া কাপে অংশ নিচ্ছে ৮টি দল—ভারত, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তান, হংকং, সংযুক্ত আরব আমিরাত ও ওমান।

উল্লেখ্য, গত কয়েক মাস ধরে রাজনৈতিক ও কূটনৈতিক টানাপোড়েনের কারণে এশিয়া কাপ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। বিশেষ করে ভারত-পাকিস্তানের মধ্যকার সম্পর্কের প্রভাব পড়েছিল আয়োজনে। অবশেষে সম্মিলিত আলোচনার মাধ্যমে একটি গ্রহণযোগ্য সমাধান এলো ক্রিকেটপ্রেমীদের জন্য।