জয়পুরহাট প্রতিনিধি:নির্বাচনী প্রচারণার শেষ দিনে জনসমাগমে মুখর হয়ে ওঠে কালাই ময়েন উদ্দিন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ। জয়পুরহাট–২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক সচিব আব্দুল বারীর নেতৃত্বে অনুষ্ঠিত হয় এক বিশাল নির্বাচনী জনসভা।
সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেল ৫টায় কালাই উপজেলা বিএনপির আয়োজনে অনুষ্ঠিত ওই জনসভায় প্রধান অতিথির বক্তব্যে আব্দুল বারী বলেন, দীর্ঘদিন তিনি রাষ্ট্রের একজন আমলা হিসেবে দেশসেবায় নিয়োজিত ছিলেন। চাকরি শেষ করে এখন সরাসরি মানুষের পাশে থেকে এলাকার উন্নয়ন ও সেবায় নিজেকে নিয়োজিত করতে চান।
তিনি উপস্থিত ভোটারদের উদ্দেশে বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে রাষ্ট্র মেরামতের কাজে সবাইকে অংশ নিতে হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের দফাগুলো বাস্তবায়ন করতে হলে ধানের শীষের পক্ষে রায় দেওয়ার বিকল্প নেই।
আব্দুল বারী অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে রাষ্ট্রযন্ত্রকে দলীয় স্বার্থে ব্যবহার করে সাধারণ মানুষের অধিকার হরণ করা হয়েছে। জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপিই একমাত্র কার্যকর শক্তি বলে মন্তব্য করেন তিনি।
জয়পুরহাট–২ আসনের কালাই, ক্ষেতলাল ও আক্কেলপুর উপজেলার সার্বিক উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, নির্বাচিত হলে শিক্ষা ও স্বাস্থ্যখাতের উন্নয়ন, সড়ক যোগাযোগ ব্যবস্থার আধুনিকীকরণ, কৃষি খাতের উন্নয়ন এবং কর্মসংস্থান সৃষ্টি—এই চারটি খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে।
কালাই উপজেলা বিএনপির আহ্বায়ক মো. ইব্রাহিম হোসেন মণ্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মওদুদ আলম সরকার, আলহাজ রফিকুল ইসলাম চৌধুরী টুকু, পৌর বিএনপির আহ্বায়ক সাজ্জাদুর রহমান তালুকদার সোহেল, যুগ্ম আহ্বায়ক আব্দুল আলিম সরকার এবং জেলা যুবদলের সাবেক সভাপতি ওবায়দুর রহমান সুইট।
সভায় বক্তারা বলেন, দেশে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হলে জয়পুরহাট–২ আসনের ভোটাররা ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের পক্ষে তাদের রায় দেবে।
জনসভায় বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ ভোটারের উপস্থিতি পুরো মাঠজুড়ে ছিল চোখে পড়ার মতো।





