জানুয়ারি মাসের জন্য ভোক্তা পর্যায়ে এলপি গ্যাসের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। এতে ১২ কেজি সিলিন্ডারের দাম ৫৩ টাকা বাড়িয়ে ১ হাজার ৩০৬ টাকা করা হয়েছে, যা আগে ছিল ১ হাজার ২৫৩ টাকা।
রোববার (৪ জানুয়ারি) বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এ মূল্য ঘোষণা করে। নতুন দর আজ সন্ধ্যা থেকেই কার্যকর হবে।
একই সঙ্গে অটোগ্যাসের দামও বাড়ানো হয়েছে। লিটারপ্রতি দাম ২ টাকা ৪৮ পয়সা বৃদ্ধি পেয়ে ৫৯ টাকা ৮০ পয়সা নির্ধারণ করা হয়েছে, যা আগে ছিল ৫৭ টাকা ৩২ পয়সা।
এর আগে ডিসেম্বর মাসে ১২ কেজি এলপি গ্যাস সিলিন্ডারের দাম ৩৮ টাকা বাড়িয়ে ১ হাজার ২৫৩ টাকা করা হয়েছিল। তখন অটোগ্যাসের দামও ১ টাকা ৭৪ পয়সা বাড়িয়ে লিটারপ্রতি ৫৭ টাকা ৩২ পয়সা নির্ধারণ করা হয়।





