দীর্ঘ ১৭ বছরের বেশি সময় পর প্রিয় মাতৃভূমিতে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল এলাকা ও আশপাশে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকালে হাসপাতালের সামনের সড়কে বিএনপির নেতাকর্মীরা অবস্থান নিলেও নিরাপত্তাজনিত কারণে আইনশৃঙ্খলা বাহিনী তাদের সেখান থেকে সরিয়ে দেয় এবং সড়ক ফাঁকা রাখা হয়।
এর আগে বেলা ১১টা ৪০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট। এর আগে সকাল ৯টা ৫৫ মিনিটে বিমানটি সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সেখানে প্রায় এক ঘণ্টার গ্রাউন্ড টার্নঅ্যারাউন্ড শেষে সকাল ১১টা ৪ মিনিটে ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করে বিমানটি।
ঢাকায় পৌঁছে সংক্ষিপ্ত আনুষ্ঠানিকতা শেষে দুপুর ১২টা ৪০ মিনিটের দিকে রাজধানীর পূর্বাচল ৩০০ ফিট এলাকায় আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানের উদ্দেশে রওনা হন তারেক রহমান। সেখানে তিনি দেশবাসীর উদ্দেশে বক্তব্য রাখবেন বলে জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।
তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে বিমানবন্দরগামী ইনকামিং ও আউটগোয়িং সড়কের দুই পাশে নেতাকর্মীরা অবস্থান নেন। স্লোগানে স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো বিমানবন্দর সড়ক।
সংবর্ধনা অনুষ্ঠান শেষে তারেক রহমান রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যাবেন, সেখানে চিকিৎসাধীন মা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করবেন। এরপর তিনি বিমানবন্দর সড়ক হয়ে গুলশান-২ এলাকায় নিজ বাসভবনে যাবেন। এদিন তিনি আর কোনো কর্মসূচিতে অংশ নেবেন না।





