রাজধানীর গুলশানে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ডিপ্লোমেটিক সিকিউরিটি বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মাহফুজ্জামান সরকারকে মারধরের ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মর্তুজা বলেন, হামলার ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা সবাই পেশায় ব্যবসায়ী। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
\r\nহামলাকারীদের কোনো রাজনৈতিক পরিচয় আছে কি না জানতে চাইলে তিনি বলেন, গ্রেপ্তারদের কোনো রাজনৈতিক পরিচয় পাওয়া যায়নি। তারা ঘটনার আগে একটি ক্লাব থেকে বের হয়েছিলেন। পরে গাড়ির ধাক্কাকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে। ঘটনার সময় এডিসি মাহফুজ্জামান সরকার সিভিল ড্রেসে ছিলেন বলেও জানান ওসি।
\r\nএর আগে বুধবার দিবাগত রাতে গুলশান পুলিশ প্লাজার পেছনে হাতিরঝিল প্রকল্প এলাকার একটি ব্রিজের ওপর মারধরের শিকার হন এডিসি মাহফুজ্জামান সরকার। জানা যায়, ডিউটি শেষে বাসায় ফেরার পথে গাড়ি সংক্রান্ত বিষয় নিয়ে কয়েকজনের সঙ্গে তার কথা-কাটাকাটি হয়। পরে ওই ব্যক্তিরা এসে তার ওপর অতর্কিত হামলা চালায়।
\r\nআহত এডিসি মাহফুজ্জামান সরকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসা নেন। এ ঘটনায় হাতিরঝিল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত করছে।





