সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা তিন দফা দাবিতে লাগাতার কর্মবিরতির পর আগামী সোমবার থেকে শুরু হতে যাওয়া তৃতীয় সাময়িক বা বার্ষিক পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছেন। তবে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর জানিয়েছে, পরীক্ষা নির্ধারিত সময়সূচি অনুযায়ী সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হবে।
রবিবার (৩০ নভেম্বর) অধিদপ্তরের পরিচালক (পলিসি অ্যান্ড অপারেশন) এ কে মোহাম্মদ সামছুল আহসানের স্বাক্ষরিত নির্দেশনায় বলা হয়েছে, ১ ডিসেম্বর থেকে শুরু হওয়া বার্ষিক পরীক্ষায় কোনো ধরনের শৈথিল্য বা দায়িত্বহীনতা বরদাস্ত করা হবে না। পরীক্ষায় অনিয়ম ধরা পড়লে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করা হয়েছে।
সহকারী শিক্ষকরা ‘প্রাথমিক দাবি বাস্তবায়ন পরিষদ’-এর ডাকে তিন দফা দাবিতে কর্মবিরতি চালাচ্ছেন। পরিষদের আহ্বায়ক মু. মাহবুবর রহমান জানান, দাবি বাস্তবায়নে আজকের মধ্যে কোনো দৃশ্যমান অগ্রগতি না হলে তারা বার্ষিক পরীক্ষা বর্জনের সিদ্ধান্ত বজায় রাখবেন।
তাদের তিন দফা দাবি হলো—
বেতন স্কেল ১৩তম গ্রেড থেকে ১০ম গ্রেডে উন্নীতকরণ
১০ বছর ও ১৬ বছরের পূর্তিতে উচ্চতর গ্রেডের সমস্যা সমাধান
শতভাগ বিভাগীয় পদোন্নতি
সরকার সরাসরি ১০ম গ্রেডে উন্নীত করতে রাজি না হলেও আপাতত ১১তম গ্রেডে উন্নীত করার সুপারিশ দিয়েছে। শিক্ষকরা অন্তত এই প্রতিশ্রুতির বাস্তবায়ন এখনই দেখতে চান।





