রাজধানীর গুলিস্তান জিরো পয়েন্টে পরপর কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
মঙ্গলবার (১১ নভেম্বর) রাত সাড়ে ৯টার পর এই বিস্ফোরণ ঘটে। স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, জেনারেল পোস্ট অফিস (জিপিও) সংলগ্ন পশ্চিম পাশের আইল্যান্ডের কাছে হঠাৎ একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায়। এতে মুহূর্তেই আশপাশের পথচারী ও দোকানদারদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শীদের দাবি, একটি মোটরসাইকেল থেকে দুজন দুর্বৃত্ত ককটেল নিক্ষেপ করে দ্রুত সেখান থেকে পালিয়ে যায়।
ঘটনার বিষয়ে পল্টন থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) আল আমিন বলেন, “গুলিস্তান জিরো পয়েন্ট এলাকায় ককটেল বিস্ফোরণের খবর পেয়েছি। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশের একটি দল ঘটনাস্থলে পাঠানো হয়েছে।”
তিনি আরও জানান, ঘটনাস্থলটি তাদের থানা এলাকার অন্তর্ভুক্ত কিনা এবং আইনগত দিক থেকে পরবর্তী পদক্ষেপ কী হবে, তা কর্মকর্তারা পৌঁছানোর পর নিশ্চিত করা যাবে।
ঘটনার পর এলাকা জুড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা বাড়ানো হয়েছে।





