জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক ও নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে শাপলা কলি প্রতীকের প্রার্থী আব্দুল হান্নান মাসউদকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় হাতিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি স্ক্রিনশটকে কেন্দ্র করে এলাকায় উদ্বেগ ও প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে হান্নান মাসউদের চাচা এবং এনসিপির হাতিয়া উপজেলা সমন্বয় কমিটির প্রধান সমন্বয়কারী হেডমাস্টার শামছল তিব্রিজ থানায় জিডিটি করেন।

জিডিতে উল্লেখ করা হয়, ১৮ ডিসেম্বর সন্ধ্যা ৭টা ৪ মিনিটে ‘রুপক নন্দী’ নামের একটি ফেসবুক আইডি থেকে আব্দুল হান্নান মাসউদকে প্রকাশ্যে হত্যার হুমকি দেওয়া হয়। একই দিন বিকেল ৪টা ৫৫ মিনিটে ‘Israt Raihan Ome’ নামের আরেকটি ফেসবুক আইডি থেকে এনসিপির এক কর্মীর মেসেঞ্জারে বার্তা পাঠিয়ে হান্নান মাসউদ ও তার সহযোগীদের বিরুদ্ধে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়।

জিডিতে মোট সাতজনের নাম উল্লেখ করে বলা হয়েছে, তারা বিভিন্ন সময়ে নানা কৌশলে হান্নান মাসউদ ও তার সহযোগীদের হত্যার হুমকি দিয়ে আসছে। এতে আশঙ্কা প্রকাশ করা হয় যে, অভিযুক্তরা যেকোনো সময় বড় ধরনের ক্ষতি করতে পারে।

অভিযুক্তরা হলেন, হাতিয়া উপজেলার কান্তি লালের ছেলে রুপক নন্দী (২৫), চরঈশ্বর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল হালিম আজাদ (৪৬), তার ছেলে ইসরাত রায়হান অমি (২৭), সংকর চন্দ্রের ছেলে প্রেম নাল (২৫), তোফায়েল সেরাংয়ের ছেলে নুর হোসেন রহিম (২৬), সংকর চন্দ্র দাসের ছেলে বাবুলাল (৩২) এবং বেলায়েত হোসেনের ছেলে ওমর ফারুক (৩২)।

জানা গেছে, ভাইরাল হওয়া স্ক্রিনশটগুলো সাবেক চেয়ারম্যান আব্দুল হালিম আজাদের ছেলে ইসরাত রায়হান অমি এবং তার অনুসারী রুপক নন্দীর ফেসবুক ও মেসেঞ্জার অ্যাকাউন্ট থেকে দেওয়া।

স্ক্রিনশটে দেখা যায়, ইসরাত রায়হান অমি মেসেঞ্জারে হুমকিসূচক ভাষায় লেখেন, উত্তর অঞ্চলে চলাচল নিষিদ্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দেন এবং নেতাকর্মীদের দিয়ে প্রতিশোধ নেওয়ার কথা বলেন। অন্যদিকে রুপক নন্দী তার ফেসবুক স্ট্যাটাসে হান্নান মাসউদকে উদ্দেশ করে আগুন নিয়ে খেলা না করার হুমকি দেন এবং ভোটের মাঠে নামলে পরিণতি ভোগ করতে হবে বলে মন্তব্য করেন।

হান্নান মাসউদের চাচা শামছল তিব্রিজ গণমাধ্যমকে বলেন, দীর্ঘদিন ধরে তার ভাতিজাকে প্রকাশ্যে হত্যার হুমকি দেওয়া হচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমে বারবার ভয়ভীতি দেখানোয় পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। তিনি প্রশাসনের কাছে হান্নান মাসউদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।

হাতিয়া উপজেলা যুবশক্তির আহ্বায়ক মো. ইউসুফ রেজা বলেন, সম্প্রতি চরঈশ্বর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এক চা-দোকানে হান্নান মাসউদকে ইঙ্গিত করে হুমকিমূলক বক্তব্য দেন। এরপর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে হুমকি-ধমকি শুরু হয়েছে। দ্রুত আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

বাগছাসের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান বলেন, ন্যায় ও ইনসাফের পথে থাকার কারণে শহীদ শরীফ ওসমান হাদীর মতো হান্নান মাসউদকেও প্রকাশ্যে হত্যার হুমকি দেওয়া হচ্ছে। প্রশাসনের নীরবতা চরম ব্যর্থতার পরিচয় বলেও মন্তব্য করেন তিনি।

এ বিষয়ে আব্দুল হান্নান মাসউদ বলেন, হত্যার হুমকি ও ভয়ভীতি প্রদর্শন আইনশৃঙ্খলা পরিস্থিতি বিনষ্টের অপচেষ্টা এবং গণতান্ত্রিক মূল্যবোধের ওপর সরাসরি হামলা। দোষীদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান তিনি।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল আলম বলেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। সাধারণ ডায়েরি গ্রহণ করা হয়েছে এবং প্রাপ্ত স্ক্রিনশট যাচাই করে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।