ইরান-ইসরায়েল উত্তেজনার মধ্যেই ইসরায়েলের খ্যাতনামা গবেষণা প্রতিষ্ঠান ‘ওয়েইজম্যান ইনস্টিটিউট অব সায়েন্সে’ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। রোববার (১৫ জুন) ভোরে চালানো এই হামলায় ল্যাবরেটরির একাধিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। নিহতের খবর না থাকলেও অবকাঠামোগত ক্ষতির পাশাপাশি বছরের পর বছরের গবেষণা কার্যক্রম ধ্বংস হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
\r\nএই ইনস্টিটিউটটিকে ইসরায়েলের ‘বিজ্ঞানের মুকুটের রত্ন’ হিসেবে বিবেচনা করা হয়। বিশেষত জীবন বিজ্ঞান ও পদার্থবিদ্যার মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে প্রতিষ্ঠানটির অবদান বিশ্বজুড়ে স্বীকৃত। ইরানের এই হামলাকে ইসরায়েলি বিজ্ঞানীদের প্রতি একটি ‘শীতল বার্তা’ হিসেবে দেখা হচ্ছে।
\r\nআণবিক কোষ জীববিজ্ঞান বিভাগের অধ্যাপক ওরেন শুলডিনার বলেন, “আমার ল্যাব পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। তারা ইসরায়েলের বৈজ্ঞানিক প্রতীককে লক্ষ্যবস্তুতে পরিণত করেছে।”
\r\nবিশ্লেষকদের মতে, এটি এমন এক নজির যেখানে ইরান সরাসরি ইসরায়েলের বৈজ্ঞানিক গবেষণার ওপর হামলা চালাল। বছরের পর বছর ধরে ইসরায়েল ইরানের পরমাণু বিজ্ঞানীদের হত্যার অভিযোগের মুখে ছিল। এবার ইরান সেই প্রতিক্রিয়ায় বিজ্ঞানকেন্দ্রকে টার্গেট করল।
\r\nএদিকে, শুক্রবার (২০ জুন) ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা ইরানের তিনটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ প্ল্যাটফর্মে হামলা চালিয়েছে। এসব প্ল্যাটফর্ম থেকে ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ছোড়ার প্রস্তুতি চলছিল। সেনাবাহিনী দাবি করেছে, ওই অভিযানে একজন সামরিক কমান্ডার নিহত হয়েছেন। সেনাবাহিনীর ভাষ্যমতে, এটি ছিল ‘সুনির্দিষ্ট ও প্রতিরোধমূলক হামলা’। সূত্র: অ্যাসোসিয়েটেড প্রেস (AP)





