ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলি লারিজানি বলেছেন, যুক্তরাষ্ট্রের কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টাইনের সহযোগীরা ইরানের বিরুদ্ধে এক ভয়াবহ ষড়যন্ত্রে লিপ্ত। লারিজানির দাবি, এ চক্র যুক্তরাষ্ট্রে ‘৯/১১-এর মতো বড় ধরনের নাশকতামূলক ঘটনা ঘটিয়ে তার দায় ইরানের ওপর চাপানোর পরিকল্পনা করছে।


এক বিবৃতিতে লারিজানি বলেন, “আমি জানতে পেরেছি যে এপস্টাইন গ্যাংয়ের অবশিষ্ট সদস্যরা একটি গভীর ষড়যন্ত্র তৈরি করছে। তাদের লক্ষ্য হলো ৯/১১-এর আদলে কোনো বড় দুর্ঘটনা বা হামলা চালানো এবং এর পেছনে ইরানের হাত রয়েছে বলে প্রচারণা চালানো।”


ইরানের এই শীর্ষ কর্মকর্তা জোর দিয়ে জানিয়েছেন, তেহরান এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের তীব্র বিরোধী। তিনি বলেন, “ইরান মৌলিকভাবেই এ জাতীয় সন্ত্রাসী পরিকল্পনার বিরুদ্ধে এবং আমেরিকান জনগণের সঙ্গে আমাদের কোনো যুদ্ধ নেই।”


বিশ্লেষকদের মতে, লারিজানির এই মন্তব্য এসেছে সেই সময়ে যখন জেফরি এপস্টাইনের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রভাবশালীদের সম্পর্কের হাজার হাজার গোপন নথি ফাঁস হয়েছে। তেহরান এ কেলেঙ্কারি ব্যবহার করে ওয়াশিংটনের রাজনৈতিক ও ব্যবসায়ি মহলের নৈতিক অবক্ষয় প্রমাণ করার চেষ্টা করছে।


ডোনাল্ড ট্রাম্পসহ যুক্তরাষ্ট্রের অনেক শীর্ষস্থানীয় নেতার সঙ্গে এপস্টাইনের পুরনো সম্পর্ক ও ছবি ইতিমধ্যেই বিশ্ব রাজনীতিতে আলোচিত। যদিও ট্রাম্প এপস্টাইনকে ‘অদ্ভুত ও বিরক্তিকর’ ব্যক্তি হিসেবে আখ্যায়িত করেছেন।


বিবৃতিতে লারিজানি আমেরিকান জনগণের প্রতি বন্ধুত্বের বার্তা দিলেও ওয়াশিংটনের ‘এলিট’ শ্রেণির ওপর তীব্র আক্রমণ চালিয়েছেন। মূলত জেফরি এপস্টাইন ও তার চক্রের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাজনীতিকদের সংশ্লিষ্টতাকে সামনে এনে তেহরান বিশ্ব দরবারে ওয়াশিংটনের নৈতিক অবস্থানকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে।

সূত্র: আল জাজিরা