মৌলভীবাজার, ২৬ জুলাই — জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী বলেছেন, এনসিপির নেতৃত্বে সরকার গঠন হলে দেশের ৬৪টি জেলাতেই কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। তিনি বলেন, “আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই, যেখানে তরুণদের চাকরির জন্য পথে নামতে না হয়।”
শনিবার (২৬ জুলাই) দুপুরে মৌলভীবাজারের বেরিরপাড় পয়েন্টে 'দেশ গড়তে জুলাই পদযাত্রা' শেষে আয়োজিত পথসভায় এসব কথা বলেন তিনি।
নাসীরুদ্দীন পাটোয়ারী বলেন, “তরুণ প্রজন্ম মাঠে নেমেছিল চাকরির আশায়, কিন্তু তাদের জন্য কোনো সুযোগ সৃষ্টি হয়নি। মধ্যবিত্ত পরিবারগুলো বাজারে গিয়ে কিছু কিনতেই পারছে না। এমন বাংলাদেশ কেউ চায় না।”
তিনি আরও বলেন, “জনগণের টাকায় পরিচালিত প্রশাসন যদি জনগণের কল্যাণ না করে, তাহলে সেই প্রশাসনের প্রয়োজন নেই। দেশের প্রায় ৫০ শতাংশ তরুণ। তারা উচ্চশিক্ষা গ্রহণ করেও একটি চাকরির জন্য দ্বারে দ্বারে ঘুরছে। এটা অত্যন্ত বেদনাদায়ক।”
পথসভাকে ঘিরে সকাল থেকেই জেলার বিভিন্ন উপজেলা থেকে এনসিপি নেতাকর্মীরা মৌলভীবাজার শহরে জড়ো হতে থাকেন। কেন্দ্রীয় শহীদ মিনার থেকে পদযাত্রা শুরু হয়ে কোর্ট রোড ও শাহ মোস্তফা সড়ক প্রদক্ষিণ শেষে বেরিরপাড়ে পথসভায় যোগ দেন তারা।
সভায় আরও বক্তব্য দেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, যুগ্ম সদস্য সচিব প্রীতম দাশ এবং সংগঠক সাদিয়া ফারজানা দীনা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনসিপির কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব, এহতেসামুল হক, মনিরা শারমিন, অর্পিতা শ্যামা দেব, জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সদস্য সচিব ডা. জাহেদুল ইসলাম প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের (বাগছাস) কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক আবু বাকের মজুমদার, সংগঠক মারুফ আল হামিদ, জাকারিয়া ইমন, জেলা এনসিপির যুগ্ম সমন্বয়কারী এহেসান জাকারিয়া, কবিরুল ইসলাম রুমন, তামিম আহমদ, সানাউল ইসলাম সুয়েজ, সাফওয়ান জাহান চৌধুরী, সৈয়দ মুফলে উস সালেকীন, আব্দুল্লাহ আল হোসাইন, আব্দুল বারী খোবায়েব ও শামায়েল রহমান।
এনসিপির নেতারা আশাবাদ ব্যক্ত করেন, জনগণের অধিকার প্রতিষ্ঠায় তারা বিকল্প শক্তি হিসেবে এগিয়ে আসবে।





