জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটির সদস্য নিলা ইসরাফিল দলটির পদ ও সদস্যপদ থেকে পদত্যাগ করেছেন।

সোমবার (২৮ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে তিনি এই পদত্যাগের ঘোষণা দেন। স্ট্যাটাসে নিলা ইসরাফিল লিখেছেন, “আমি নৈতিকতা বেছে নিচ্ছি, দুর্বৃত্ত রাজনীতি নয়।”

তিনি বলেন, “এনসিপি এমন একটি রাজনৈতিক দল যেখানে অপরাধীর বিচার হয় না, যেখানে একজন নারীকে হেনস্তা করার পরও দলীয়ভাবে নীরবতা পালন করা হয়। আমি এমন পরিবেশে এক মুহূর্তও থাকতে পারি না।”


নিলা ইসরাফিল অভিযোগ করেন, “একজন নারীকে অপমান, নিপীড়ন ও সামাজিকভাবে ধ্বংস করার চেষ্টা করা ব্যক্তির বিরুদ্ধে কোনো ধরনের শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ না করে বরং তাকে দলীয় ছায়ায় রক্ষা করা হচ্ছে। এমন দলের আর কোনো আদর্শিক ভিত্তি বা ন্যায়ের প্রতিনিধিত্ব থাকে না।”

তিনি বলেন, “আমি আজ থেকে এনসিপির সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করছি। আমি এ দলকে প্রত্যাখ্যান করছি। আমি ন্যায়ের পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে। আপসহীন প্রতিবাদই আমার অস্ত্র। সত্য ও মর্যাদার পথে আমি একা চললেও পিছু হটব না।”

নিলা ইসরাফিলের এই পদত্যাগ সামাজিক মাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে। তবে এ বিষয়ে এনসিপির কোনো প্রতিক্রিয়া এখনো জানা যায়নি।