আগামী জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে প্রার্থী হতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে মনোনয়নপত্র কিনেছেন জুলাই অভ্যুত্থয়ের সময় স্যালুট দিয়ে আলোচনায় আসা রিকশাচালক সুজন।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তিনি এনসিপির কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন। এ সময় এনসিপির শীর্ষ নেতারাও তার পাশে ছিলেন।
জুলাই বিপ্লব চলাকালে আন্দোলনরত শিক্ষার্থীদের স্যালুট জানিয়ে আলোচনায় উঠে আসেন সুজন। তিনি আশা প্রকাশ করেন, সেই জনপ্রিয়তা ও জনগণের ভালোবাসাই তাকে নির্বাচনে জয়ী করবে।
যুগান্তরকে সুজন বলেন, “আমি সংগ্রাম দেখেছি, সংগ্রাম করেছি। এনসিপি থেকে মনোনয়ন নিয়েছি। ঢাকা-৮ আসন থেকেই নির্বাচন করবো। আমি সাধারণ মানুষ, সাধারণ মানুষের জন্যই লড়বো। মনোনয়নপত্র কিনে প্রমাণ হলো—একটি রাজনৈতিক দলে সবার অধিকার সমান। যে কেউ নির্বাচন করতে পারে, মনোনয়ন ফরম কিনতে পারে। এজন্য এনসিপির কাছে আমি কৃতজ্ঞ।”
উল্লেখ্য, ঢাকা-৮ আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। একই আসনে জামায়াতের প্রার্থী অ্যাডভোকেট হেলাল উদ্দিন, আর স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী।





