সরকার পরিচালনায় এনজিও বা কর্পোরেট প্রতিষ্ঠানের নীতিমালা ব্যবহার বিপর্যয় ডেকে আনতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। তিনি বলেন, “এনজিও বা কর্পোরেট প্রতিষ্ঠান চালানো আর একটি দেশ পরিচালনা করা সম্পূর্ণ ভিন্ন বিষয়। দেশ চালাতে হলে রাষ্ট্রচিন্তা, জনগণের দায়বদ্ধতা ও দীর্ঘমেয়াদি নীতি প্রয়োজন।”

বৃহস্পতিবার (২৪ জুলাই) রাজধানীর বনানীতে পলিসি রিসার্চ ইনস্টিটিউট (পিআরআই) আয়োজিত 'মাসিক ম্যাক্রোইকোনমিক ইনসাইটস (এমএমআই)' প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সেমিনারে সভাপতিত্ব করেন পিআরআই চেয়ারম্যান ড. জাইদী ছাত্তার, এবং মূল প্রবন্ধ উপস্থাপন করেন তিনিসহ প্রতিষ্ঠানটির মুখ্য অর্থনীতিবিদ ড. আশিকুর রহমান।

ড. মঈন খান আরও বলেন, “সরকারকে অবশ্যই বুঝতে হবে যে, একটি রাষ্ট্রের সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক বাস্তবতা কর্পোরেট ব্যবস্থার মতো নয়। রাজনীতি জনগণের কল্যাণে, শুধুমাত্র ব্যবসায়িক মডেলে দেশ চলতে পারে না।”

বিএনপির সংস্কার প্রসঙ্গে তিনি বলেন, “জুলাই অভ্যুত্থানেরও দুই বছর আগেই বিএনপি নিজেদের সংস্কার প্রস্তাব দিয়েছিল। বিএনপি সংস্কার চায় না — এমন ধারণা ভিত্তিহীন ও রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত।”

অনুষ্ঠানে অর্থনীতি, নীতি গবেষণা ও রাজনীতির বিভিন্ন দিক নিয়ে বিশ্লেষণ করেন বক্তারা। উপস্থিত ছিলেন দেশের বিশিষ্ট অর্থনীতিবিদ, গবেষক ও রাজনীতিকরা।