অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের ওপর নির্যাতনের অভিযোগ প্রত্যাখ্যান করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি স্পষ্টভাবে বলেন, দেশে কোনো “হিন্দুবিদ্বেষী সহিংসতা নেই।”
নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে সংবাদমাধ্যম জিটিও’র সাংবাদিক মেহদি হাসানকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন। এ সময় তিনি অভিযোগগুলোর পেছনে ভারতের ভুয়া খবর ছড়ানোর প্রবণতার দিকেও ইঙ্গিত করেন।
২০২৪ সালের গণ-অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর শান্তিতে নোবেলজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয়। আন্দোলনকারীদের এ সিদ্ধান্তে তিনি প্রথমে বিস্মিত হলেও অনিচ্ছা সত্ত্বেও তা মেনে নেন। সে সময় তিনি আন্দোলনকারীদের উদ্দেশে বলেন, “আপনারা যদি এত কিছু ত্যাগ করতে পারেন, তবে আমি আমার সিদ্ধান্ত বদলাব।”
সাক্ষাৎকারে অধ্যাপক ইউনূস জাতীয় নির্বাচন পিছিয়ে দেওয়ার যৌক্তিকতা, রোহিঙ্গা ইস্যু এবং আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার বিষয়ে সরকারের অবস্থান নিয়েও কথা বলেন।





